আরএফএল প্লাস্টিকস লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সম্প্রতি আরএফএল প্লাস্টিকস লিমিটেডের (আরপিএল) বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরএফএল গ্রুপের এমডি আর এন পাল, আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা মুরশেদ মুনীম, আরপিএলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আহসান হাবীব ও হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনছবি: প্রাণ-আরএফএল গ্রুপ

দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের (আরপিএল) বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পাল, আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মুরশেদ মুনীম, আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. আহসান হাবীব, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক পরিবেশক সম্মেলনে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, শাইন, সাপোর্ট ম্যাট, সুলভ পাইপ এবং আরএফএল বাথরুম ফিটিংসের ৫০০-এর অধিক পরিবেশক অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরপিএলের বার্ষিক পরিবেশক সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা ১০ পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়। মোট আটটি সেলস ক্যাটাগরির প্রতিটিতে এই সম্মাননা দেওয়া হয়। সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পাল।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল পরিবেশকদের উদ্দেশে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালীকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি এ অনুষ্ঠানে নতুন পণ্য, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।

আরএফএলের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, আরএফএল ১৯৮১ সালে কাস্ট আয়রন (সিআই) পণ্য উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর বাংলাদেশের সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আরএফএল ১৯৯৬ সালে পিভিসি পণ্য উৎপাদনে এবং ২০০৩ সালে প্লাস্টিক পণ্য উৎপাদনে যুক্ত হয়। বর্তমানে কাস্ট আয়রন, পিভিসি ও প্লাস্টিক—এই তিন খাতেই দেশের বাজারে আরএফএল শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশেও উল্লেখযোগ্য পরিমাণ পণ্য রপ্তানি করছে।