ঋণ পরিশোধে আবারও ছাড় চায় এফবিসিসিআই
ব্যাংকের ঋণ পরিশোধে ব্যবসায়ীদের জন্য আবারও ছাড় চেয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি চায়, আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ না করেও ব্যবসায়ীরা খেলাপি হওয়া থেকে মুক্ত থাকুক। একই সঙ্গে পবিত্র রমজানে খাদ্যের পাশাপাশি অন্যান্য পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে জরুরি ভিত্তিতে ব্যবসায়ীদের ডলার দেওয়ার দাবি জানায় এই সংগঠন।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি তুলে ধরেন এফবিসিসিআইয়ের নেতারা। সভা শেষে সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও আরও অনেক পণ্য প্রয়োজন হয়। এ জন্য আমদানি সহজ করার জন্য বলেছি। প্রয়োজনে রিজার্ভ থেকে ডলার সহায়তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আমাদের আশ্বস্ত করেছে।’
এফবিসিসিআই সভাপতি বলেন, জ্বালানি ও গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এ জন্য কারখানা চালানো যাচ্ছে না। ঋণপত্র খুলতে না পারায় কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। এতে ব্যবসার ওপর প্রভাব পড়েছে। ব্যবসা করতে না পারলে ঋণের কিস্তি দেওয়া যাবে না। তাই ঋণ পরিশোধের সুবিধাটি আগামী বছরের জুন পর্যন্ত দেওয়া হোক, যাতে কেউ খেলাপি না হয়। গ্রাহক খেলাপি হলে ব্যাংকও খেলাপি হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।
জসিম উদ্দিন বলেন, ‘আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ডলারের দামে যে পার্থক্য রয়েছে, তা এক করার জন্য বলেছি। কারণ, কাঁচামাল আমদানিতে দাম বেশি পড়ছে, রপ্তানিতে কম দাম মিলছে।’
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সুদের হার কম থাকলে বিনিয়োগ বেশি হয়। তাই সুদহারের সীমা এখন তোলার প্রয়োজন দেখছি না। এ জন্য অনুরোধ জানিয়েছি, আগামী এক বছর সুদহারের সীমা যেন না তোলা হয়।’