যুক্তরাষ্ট্রে আবারও বাড়ল নীতি সুদহার, আরও বাড়ানোর সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল
ছবি: রয়টার্স

আবারও নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গত বছর থেকে ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়িয়ে যাচ্ছে দেশটি।

এ নিয়ে গত ১৬ মাসে মোট ১১ বার নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফেডারেল রিজার্ভ বুধবার নীতি সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে, যা গত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে যুক্তরাষ্ট্রে নীতি সুদহার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৫০ শতাংশে উন্নীত হয়েছে।

ফেডারেল রিজার্ভ ইঙ্গিত দিয়েছে, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে আবারও নীতি সুদহার বাড়ানো হতে পারে।

বর্তমান আর্থিক পরিস্থিতি সামলানোর জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। গত জুন মাসে ফেড জানিয়েছিল যে তারা মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে রাখার জন্য নীতি পদক্ষেপ গ্রহণ করবে এবং এই নীতির প্রভাব বিশ্লেষণ করে ভবিষ্যৎ নীতি নির্ধারণ করবে। ফেডের জুন মাসের বৈঠকের পরে অবশ্য মূল্যস্ফীতি পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে।

ফেডের জুন মাসের বৈঠকে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ শতাংশ। এখন মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। সে জন্য নীতিনির্ধারকেরা মূল্যস্ফীতির চাপ কমার আগপর্যন্ত মুদ্রানীতি নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করতে অনিচ্ছুক। নীতি সুদহার বৃদ্ধি করার ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঋণের সুদহার আরও বাড়বে। এতে সমাজে অর্থের চাহিদা কমবে। তবে নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতির লাগাম টানা গেলেও অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু কমে যাওয়ার আশঙ্কা থেকে হচ্ছে।

যেমন নীতি সুদহার বৃদ্ধির কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড কমেছে। তাতে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এখনো ৩ দশমিক ৬ শতাংশে রয়ে গেছে।  

বর্তমান কর্মসংস্থান বৃদ্ধির হার শক্তিশালী অবস্থায় রয়েছে এবং অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে বলে মনে করছে ফেড। বিশেষ করে জুন মাসের অবস্থার সঙ্গে তুলনা করে ফেডারেল রিজার্ভ বলছে, অর্থনীতি বেশ ভালো গতিতে এগোচ্ছে।

গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। ওই জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বার্ষিক ভিত্তিতে ১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।  

ফেডারেল রিজার্ভের পরবর্তী বৈঠক হবে আট সপ্তাহ পরে। এ সময়টাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বলে মনে করা হচ্ছে। সে জন্য স্বাভাবিকের চেয়ে বেশি সময় পরে বৈঠক করার অর্থ হলো, তখন আবার নীতি সুদহার বাড়ানো হতে পারে। যুক্তরাষ্ট্রে ২০২২ সালের মার্চ মাস থেকে নীতি সুদহার বৃদ্ধির ধারাবাহিকতা শুরু হয়।

ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল আগামীকাল শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন তিনি নীতি সুদহার বৃদ্ধির সিদ্ধান্ত ও এ–সংক্রান্ত নীতিমালার বিস্তারিত বর্ণনা দেবেন। এ ছাড়া ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বৃদ্ধির সিদ্ধান্ত কী কী বিষয়ের ওপর নির্ভর করে, সেগুলো নিয়েও বিশদ আলোচনা করবেন বলে সংবাদ বেরিয়েছে।

ফেডারেল রিজার্ভের ১৮ জন নীতিনির্ধারণকারী কর্মকর্তার মধ্যে ১২ জনেরই ধারণা যে চলতি বছরের শেষ দিকে আরও অন্তত একবার নীতি সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা রয়েছে।