অনিয়মের মাধ্যমে নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার খবর প্রচার হওয়ার পর থেকে দেশের ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো থেকে গ্রাহকদের মধ্যে আমানত তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। গত বছরের শেষ তিন মাস তথা অক্টোবর–ডিসেম্বর প্রান্তিক শেষে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোয় আমানত কমেছে ১১ হাজার ৪২৬ কোটি টাকা, যা মোট আমানতের প্রায় ৩ শতাংশ।
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের তৈরি হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে দেখা যায়, ২০২২ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিক শেষে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে আমানত কমে ৪ লাখ ৯ হাজার ৯৪৯ কোটি টাকায় নেমেছে, যা এর আগের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের চেয়ে ২ দশমিক ৭১ শতাংশ কম। তবে আগের বছরের একই সময় বিবেচনায় নিলে গত ডিসেম্বরে এসব ব্যাংকে আমানত বেড়েছে ৪ দশমিক ২৮ শতাংশ। ব্যাংক খাতের মোট আমানতের মধ্যে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অংশ হচ্ছে ২৫ দশমিক ৮১ শতাংশ।
ব্যাংকে সুশাসন নিশ্চিত না হওয়ার কারণে আস্থার সংকট তৈরি হয়েছে।তাতে আমানত উঠে যাচ্ছে।আহসান এইচ মনসুর, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোয় প্রবাসী আয় ও আমানতের প্রবাহ ইতিবাচক ধারায় ফিরছে উল্লেখ করে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকসহ সবার সহায়তায় ব্যাংক খাতের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসছে। আমরাও চেষ্টা করছি কীভাবে সাধারণ মানুষকে আরও সেবা দেওয়া যায়।’
গত ডিসেম্বরের শেষে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ২০২ কোটি টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় ৪ দশমিক ৯১ শতাংশ এবং আগের বছরের ডিসেম্বর তুলনায় ১৪ দশমিক ৬৪ শতাংশ বেশি। ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ২৯ দশমিক ২০ শতাংশ বিতরণ করেছে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, তিন মাসে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমেছে ৪ হাজার ৬৫৪ কোটি টাকা বা ২৬ দশমিক ৫৫ শতাংশ। আর গত এক বছরে তা কমেছে ৬১ দশমিক ৭২ শতাংশ, যা টাকার অঙ্কে ২০ হাজার ৭৫৪ কোটি টাকা।
ইসলামি ব্যাংকগুলোর হাতে এখন অতিরিক্ত তারল্য রয়েছে ১২ হাজার ৮৭১ কোটি টাকা। অতিরিক্ত এই তারল্য ব্যবহারের সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোকে অর্থবাজার ও পুঁজিবাজারের জন্য নতুন পণ্য নিয়ে আসতে হবে।
এদিকে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোয় সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ যথেষ্ট নয় বলে উল্লেখ করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।তিনি প্রথমআলোকে বলেন, ব্যাংকে সুশাসন নিশ্চিত না হওয়ার কারণে আস্থার সংকট তৈরি হয়েছে।তাতে আমানত উঠে যাচ্ছে।