এবার প্রবাসী আয় আনবে বিকাশ-রকেট–উপায় 

এমএফএস সেবার মাধ্যমেও বৈধ পথে প্রবাসী আয় আসবে। এর ফলে দেশে প্রবাসী আয় আসা সহজ হবে বলে মনে করা হচ্ছে। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক

মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরাসরি রেমিট্যান্স তথা প্রবাসী আয় আনার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বিকাশ, রকেট ও উপায়ের মতো প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে সরাসরি প্রবাসী আয় সংগ্রহের উদ্যোগ নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল মঙ্গলবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সুবিধার ফলে বিদেশে বসে বিকাশ, রকেট ও উপায়ের মতো সেবায় বিদেশি মুদ্রায় লেনদেনের হিসাব খোলা যাবে। প্রবাসীরা দেশে এলে সেই হিসাবে টাকা ছাড়া অন্য মুদ্রায় লেনদেন করা যাবে না। ব্যাংকের পাশাপাশি এসব প্রতিষ্ঠানও বিদেশি মুদ্রায় লেনদেন চালুর সুযোগ পেল। ফলে বৈধ পথে আয় আসা বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত এমএফএসগুলো প্রবাসী আয় প্রত্যাবাসনের জন্য (দেশে আনা) বিদেশের অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম ও এগ্রিগেটর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে। আগ্রহী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রেমিট্যান্স তথা প্রবাসী আয় প্রত্যাবাসনসংক্রান্ত কার্যক্রম পরিচালনার বিষয়ে অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।

এমএফএসগুলো যেসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে, তাদের হিসাবে বৈদেশিক মুদ্রা জমা হবে, যা প্রবাসীর এমএফএস হিসাবে টাকায় রূপান্তরিত হয়ে জমা হবে। বিদেশে কর্মরত প্রবাসীরা যথাযথ প্রক্রিয়ায় এমএফএস হিসাব খুলতে পারবেন। সেই হিসাব থেকে দেশে টাকা পাঠাতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ দেশীয় ব্যাংকগুলোতে এমএফএস প্রতিষ্ঠানগুলোর সেটেলমেন্ট হিসাব সুবিধা দেবে। ব্যাংকের বিদেশি নস্ট্রো হিসাবে অর্থ জমার পর ওই অর্থের সমপরিমাণ টাকা সেটেলমেন্ট হিসাবে জমা হবে। 

‘নস্ট্রো হিসাব’ হলো, বৈদেশিক মুদ্রায় বিদেশের দায়-দেনা পরিশোধের জন্য বিদেশের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যাংকগুলোর হিসাব। এই হিসাবের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশি ব্যাংকের হিসাবে সংশ্লিষ্ট পণ্য বিক্রেতার ঋণপত্র মূল্য পরিশোধ করা হয়। আবার রপ্তানি বিল ও প্রবাসী আয়ের অর্থও নস্ট্রো হিসাবে জমা হয়। 

এখন বিদেশ থেকে প্রবাসী আয় এনে ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের এমএফএস হিসাবে টাকা জমা করে। আবার অবৈধ পথে যে আয় আসে, তা-ও বিভিন্ন মাধ্যমে বিতরণ করা হয়।

নতুন সুবিধার ফলে এমএফএসের মাধ্যমে বৈধ পথে প্রবাসী আয় আসবে। এর ফলে দেশে প্রবাসী আয় আসা সহজ হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।