জাহাজ ইজারার ভাড়া পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক
এখন থেকে এয়ারক্রাফট বা বিমান ইজারার জন্য যেভাবে ভাড়া পরিশোধ করা যায়, একই পদ্ধতি জাহাজ ইজারার ভাড়া পরিশোধের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। এর ফলে বাংলাদেশি উদ্যোক্তারা সহজে জাহাজ ভাড়া নিয়ে পরিচালনা করতে পারবেন। দেশের সামুদ্রিক খাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে স্থানীয়ভাবে নিবন্ধিত শিপিং কোম্পানির পক্ষ থেকে ইজারা নেওয়া জাহাজের ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এয়ারক্রাফট ইজারার জন্য প্রযোজ্য ব্যবস্থা জাহাজ ইজারার ভাড়া পরিশোধের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। এর মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের সংখ্যা বাড়ানো মূল লক্ষ্য। এর আগে এই সুবিধা শুধু স্থানীয় কোম্পানির এয়ারক্রাফট ইজারার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। নতুন প্রজ্ঞাপনে এডি ব্যাংকগুলোকে এ ক্ষেত্রে কিছু শর্ত পরিপালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, ইজারা নেওয়া জাহাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে। দ্বিতীয়ত, কোম্পানিকে নিয়মিত বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট দিতে হবে এবং বৈদেশিক আয় নির্ধারিত নিয়ম অনুযায়ী দেশে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশি শিপিং কোম্পানিগুলোর সমুদ্রগামী জাহাজ পরিচালনা ব্যবসা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমবে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখবে।