রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ই-মেইল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে তথ্য ও নথি আদান-প্রদানের সুযোগ নিয়ে রপ্তানি নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় জালিয়াতির ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের প্রতারণা ঠেকাতে রপ্তানিকারকদের সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে কোনো ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় পরিবর্তন এলে তা আগের নির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি যাচাই করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে তা পাঠানো হয়েছে। ব্যাংকগুলোকে নিজ নিজ রপ্তানিকারকদের মধ্যে এসব সতর্কতামূলক নির্দেশনা প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে ব্যবসায়িক যোগাযোগে সাইবার জালিয়াতির ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে রপ্তানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানের সময় প্রতারণার আশঙ্কা রয়েছে। এর মধ্যে রপ্তানি-সংক্রান্ত নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তন অন্যতম।

যেসব বিষয়ে সতর্ক থাকতে বলেছে

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে সন্দেহজনক লিংকে প্রবেশ, অনির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন ব্যবহার এবং পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) ও একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো অনুরোধ এড়িয়ে চলতে বলা হয়েছে।

এ ছাড়া সাধারণ অনুমোদনের আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে, যাতে নথি আদান-প্রদানের সময় তৃতীয় কোনো পক্ষ তা হাতিয়ে নিতে বা পরিবর্তন করতে না পারে।

কোনো ধরনের জালিয়াতির সন্দেহ হলে অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন দেখা গেলে কিংবা রপ্তানি নথি বিকৃতির ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে এসব সতর্কতামূলক নির্দেশনা রপ্তানিকারকদের মধ্যে যথাযথ যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।