আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে মিডল্যান্ড ব্যাংক
আধুনিক প্রযুক্তির ব্যবহার, সবুজ অর্থায়ন ও গ্রাহকবান্ধব উদ্ভাবনী সেবা বাড়াচ্ছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটি প্রতিনিয়ত গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। ২০১৩ সালের ২০ জুন আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছিল ব্যাংকটি। এর পর থেকে দেশের আর্থিক খাতে ভালো ও নির্ভরযোগ্য অবস্থান তৈরি করছে। ২০১৫ সালের ১ অক্টোবর ব্যাংকটি সম্পূর্ণ সেন্ট্রালাইজড ব্যাংকিং মডেল চালু করে তাদের কার্যক্রমে ভিন্ন মাত্রা যোগ করেছে।
ধারাবাহিক আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে মিডল্যান্ড ব্যাংক। আর্থিক সূচকেও ব্যাংকটির ধারাবাহিক অগ্রগতি হয়েছে। ২০২১ সালে ব্যাংকটির মোট আমানত ছিল ৫ হাজার ৭৩ কোটি টাকা, যা ২০২৫ সালে বেড়ে ৮ হাজার ৬৪৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে ঋণ ও বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৫৮৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ১০৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালে ব্যাংকটির খেলাপি ঋণের হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশে নেমে এসেছে। এ অবস্থান ব্যাংকের সুশাসনের ইঙ্গিত দিচ্ছে। নিট মুনাফাও ২০২১ সালের ৫১ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ৮৩ কোটি টাকা হয়েছে। প্রবাসী আয় বা রেমিট্যান্স আহরণেও ব্যাংকটির সাফল্য আছে। ২০২৫ সালে অন্তর্মুখী রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৭৬ কোটি টাকা। এ ছাড়া গত পাঁচ বছরে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং ২০২৫ সালে পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৬৫৯ কোটি টাকায়।
ব্যাংকটির দেওয়া তথ্যমতে, তাদের ঋণ বিতরণের বড় অংশই যাচ্ছে করপোরেট খাতে। তৈরি পোশাক, টেক্সটাইল ও অন্যান্য উৎপাদন শিল্পের পাশাপাশি করপোরেট খাতে মোট ঋণের ৭৬ শতাংশ বা ৫ হাজার ৪১০ কোটি ৮৮ লাখ টাকা অর্থায়ন করেছে। দেশব্যাপী ৪৩টি শাখা, ২৩টি উপশাখা এবং ১৫২টি এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকসেবা দিচ্ছে। বর্তমানে ব্যাংকটির মোট গ্রাহক হিসাবের সংখ্যা ৪ লাখ ২১ হাজার ২১৮, যার মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী গ্রাহক। পাশাপাশি ব্যাংকটি ১ লাখ ৭৯ হাজার ৫৯৩টি ডেবিট কার্ড এবং ১৮ হাজার ১২৫টি ক্রেডিট কার্ড ইস্যু করেছে।
ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় ‘মিডল্যান্ড অনলাইন’ অ্যাপ ও ‘এমডিবি ঝটপট’ সেবার মাধ্যমে গ্রাহকেরা শাখায় না গিয়ে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র ও সেলফি ভেরিফিকেশনের মাধ্যমে ডিজিটাল সঞ্চয়ী হিসাব খুলতে পারছেন। পেপারলেস ব্যাংকিংয়ের আওতায় ই-কেওয়াইসি ব্যবহার করে ইতিমধ্যে ৮০ হাজার ৩৪০টি অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৮৪ হাজার ২৮৯-এ পৌঁছেছে। ক্যাশলেস লেনদেনেও রয়েছে বড় অগ্রগতি; মোবাইল অ্যাপ ব্যবহার করে ৫০ লাখ ১৯ হাজার ৭২৮টি এবং কিউআর কোডে ৬ হাজার ২৩৯টি লেনদেন সম্পন্ন হয়েছে। সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকি মোকাবিলায় ব্যাংকটি পিসিআই ডিডিএস ও আই আইএসও/আইইসি ২৭০০১:২০২২-এর মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গ্রাহকদের আর্থিক তথ্য ও লেনদেনের নিরাপত্তা দিচ্ছে।
টেকসই ব্যাংকিংয়ের অংশ হিসেবে সবুজ অর্থায়নের বিষয়ে ব্যাংকটি জানায়, গত ৫ বছরে (২০২১–২০২৫) পাট পণ্য উৎপাদন, এনার্জি এফিশিয়েন্সি, তরল বর্জ্য ব্যবস্থাপনা, সোলার প্যানেলসহ মোট ৭টি পরিবেশবান্ধব প্রকল্পে তারা ২৮৮ কোটি ৫০ লাখ টাকা অর্থায়ন করেছে। আর ২০২৫ সাল পর্যন্ত ১০টি প্রকল্পে ৪৬২ কোটি ৫৩ লাখ টাকা অর্থায়ন করেছে।
এ ছাড়া ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সংরক্ষণের জন্য ‘মিডল্যান্ড ব্যাংক ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট’ এবং শিক্ষার্থীদের জন্য মাত্র ১০০ টাকা প্রাথমিক জমায় সাধারণ ও শরিয়াহভিত্তিক হিসাব চালু আছে।