ব্যাংকার্স ক্লাবের নতুন সভাপতি রাশেদ আকতার, সাধারণ সম্পাদক রশীদ-উন-নবী

মো. রাশেদ আকতার ও রশীদ-উন-নবীছবি সংগৃহীত

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি পদে মো. রাশেদ আকতার ও সাধারণ সম্পাদক পদে রশীদ-উন-নবী নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংকার্স ক্লাব।

এতে জানানো হয়, নির্বাচনে বিভিন্ন পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সর্বজনীন ব্যাংকার্স পরিষদ এই দুটি প্যানেলের মোট ৪৬ জন প্রার্থী এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল এবং সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে সর্বজনীন ব্যাংকার পরিষদ প্যানেল বিজয়ী হয়।

অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সিনিয়র সহসভাপতি সুবীর কুমার কুন্ডু, সহসভাপতি মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আমিন মো. মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক হাসিনা ফেরদৌস ও সংস্কৃতি সম্পাদক কাজী আজিজুর রহমান।

পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফুল হাবিব, এম এম সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ ক ম রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর ও আজমেরী সুলতানা।

প্রসঙ্গত, আগামী দুই বছরের জন্য নির্বাচিত এ কার্যনির্বাহী কমিটি ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের দায়িত্ব পালন করবে। ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ দেশের ব্যাংকার কমিউনিটির বৃহত্তম নিবন্ধিত ক্লাব। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক থেকে ক্লাবের সদস্যসংখ্যা প্রায় দুই হাজার।