সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লোগো

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। কেউ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য জানা কিংবা অন্য কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা গেছে, সেখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই তা চালু হবে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করছে। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।

এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

কয়েক দিন ধরেই ব্যাংকসহ আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর আজ সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে। এ সময়ে অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসি ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হলেও এখন চালু আছে।

তবে গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ প্রথম আলোকে বলেন, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়। বিশ্বব্যাপী হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হয়েছে।

বর্তমানে সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনার জন্য ইন্টারনেট ও সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ওয়েবসাইটের বড় একটি অংশ পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল। সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।