চলতি অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি চলতি অর্থবছরে ঋণের ৫০ শতাংশ ব্যাংকের মাধ্যমে বিতরণের শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, আগে যা ছিল ৩০ শতাংশ। এমন নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক আজ রোববার ‘কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচি’ ঘোষণা করেছে।
নীতিমালা অনুযায়ী, ব্যাংক নিজে ঋণ দিলে সুদের হার এখনো ১০ শতাংশের নিচেই থাকবে, তবে অন্য নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করলে যা হবে প্রায় ২০ শতাংশ। গত ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকের মাধ্যমে বিতরণ হয়েছিল ঋণের ৫৯ শতাংশ। ফলে এই লক্ষ্য পূরণে ব্যাংকগুলোকে বাড়তি চাপ নিতে হবে না।
এবার কৃষি খাতে বেশ কিছু নতুন পণ্যের জন্য ঋণ দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে ছাদকৃষি, ভেনামি চিংড়ি, কাঁকড়া ও কুঁচিয়া চাষ। এ ছাড়া শস্য ও ফল চাষের আওতায় কালো ধান, অ্যাভোকাডো ফল ও পাতি ঘাসে ঋণ দেওয়া যাবে।
এবার কৃষি খাতে ঋণ বিতরণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা গত অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। গত ২০২২-২৩ অর্থবছরে ৩০ হাজার ৮১১ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করেছিল কেন্দ্রীয় ব্যাংক, যা ছিল তার আগের অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি। তবে শেষ পর্যন্ত ৩২ হাজার ৮২৮ কোটি টাকার কৃষি ও পল্লি ঋণ বিতরণ হয়।
৮ ব্যাংক লক্ষ্য অনুযায়ী ঋণ বিতরণ করতে পারেনি বলে বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়। ব্যাংকগুলো হলো রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক, বেসরকারি খাতের এবি ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই আট ব্যাংককে কৃষিঋণের জন্য বরাদ্দ করা ২ হাজার ৬৯ কোটি টাকা জমা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এর বিপরীতে ২ শতাংশ মুনাফা পাবে ব্যাংকগুলো। এই টাকা ফেরত পেতে অপেক্ষা করতে হবে ১৮ মাস। যেসব ব্যাংক কৃষিঋণ বিতরণের সফল হয়েছে, তাদের মাধ্যমে এই অর্থ কৃষকদের ঋণ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান আজ এক সংবাদ সম্মেলনে ‘কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচি’ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরে মোট ৩৬ লাখ ১৮ হাজার ৫৪৫ জন গ্রাহক কৃষি ও পল্লিঋণ নিয়েছেন, যাঁদের মধ্যে ১৮ লাখ ৮১ হাজার ৯৩৩ জন নারী; অর্থাৎ অর্ধেকের বেশি নারী কৃষক ঋণ পেয়েছেন। এর মধ্যে চর, হাওরসহ নানা অনগ্রসর এলাকায় ঋণ দেওয়া হয়েছে ১৮ কোটি টাকা, যা পেয়েছেন ১ হাজার ৪৪৯ জন কৃষক।
এবারের নীতিমালায় মৎস্য খাতে কমপক্ষে ১৩ শতাংশ, প্রাণিসম্পদ খাতে ১৫ শতাংশ ঋণ দিতে বলা হয়েছে। পাশাপাশি আগে ঋণ পাননি, এমন কৃষকদেরও ঋণ দিতে বলা হয়েছে।
এবার রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১২ হাজার ৩০ কোটি টাকা, বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২২ হাজার ৯৭০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৃষিঋণের লক্ষ্য অর্জনে ব্যাংকের শাখা পর্যায়ে জনবল নিয়োগ দিতে বলা হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণ করলে কৃষকেরা অপেক্ষাকৃত কম সুদে ঋণ গ্রহণ করতে পারেন। এতে তদারকির মাধ্যমে ঋণের গুণগতমান বজায় রাখা সহজ হয়। এরই ধারাবাহিকতায় এনজিও, এমএফআইয়ে কর্মরত অভিজ্ঞ জনবলকে ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে বলা হয়।
চুক্তিভিত্তিক এই পদের নাম দেওয়া হয় অ্যাগ্রিক্রেডিট সুপারভাইজার (চুক্তিভিত্তিক)।
এসব প্রার্থীকে এনজিও বিষয়ক ব্যুরো ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির তালিকাভুক্ত বা অনুমোদনপ্রাপ্ত এনজিও, ক্ষুদ্র ঋণদাতা সংস্থা বা এমএফআইয়ে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক ও বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুল আমিনের পাশাপাশি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান ও বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বক্তব্য দেন।