জনতা ব্যাংকের নতুন এমডি হচ্ছেন আবদুল জব্বার
রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হচ্ছেন মো. আবদুল জব্বার। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি। এর আগে তিনি একসময় জনতা ব্যাংকেরই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।
মো. আবদুল জব্বারকে ৩ বছরের জন্য জনতা ব্যাংকের এমডি পদে নিয়োগ দিতে ব্যাংকটির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এখন ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাঁর নিয়োগ অনুমোদন করবে। এরপর বাংলাদেশ ব্যাংক তাতে অনুমোদন দিলেই তিনি এমডি হিসেবে যোগ দেবেন।
আগামী সপ্তাহে শেষ হচ্ছে বর্তমান এমডি আবদুছ ছালাম আজাদের মেয়াদ। ২০১৭ সালে অক্টোবর থেকে তিনি ব্যাংকটির এমডি। বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে বিদায় নিতে হচ্ছে।
রাষ্ট্র খাতের জনতা ব্যাংক একসময় ছিল দেশের ভালো হিসাবে পরিচিত ব্যাংকগুলোর একটি। দেশের সব বড় উদ্যোক্তারা গড়ে উঠেছেন এই ব্যাংকের হাত ধরে। এখন এই ব্যাংকের অনেক গ্রাহক সবচেয়ে বড় খেলাপি হিসাবে পরিচিতি পেয়েছেন। গ্রাহক হিসেবে আছেন ঢাকা ও চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ীরাও। ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা বলেন, এখন ওই সব প্রভাবশালী ব্যবসায়ী মূলত ব্যাংকটির নিয়ন্ত্রক।
জনতা ব্যাংক আগে অন্য ব্যাংককে টাকা ধার দিত। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ব্যাংকটিকে বরং এখন প্রতিদিন বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংক থেকে ৮ হাজার কোটি টাকার বেশি ধার করে চলতে হচ্ছে।
ব্যাংকটির একটি সূত্র জানায়, দ্রুত পর্ষদে মো. আবদুল জব্বারের নিয়োগ অনুমোদন করা হবে। এরপরই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চাওয়া হবে।
নথিপত্র অনুযায়ী, ২০২১ সালে জনতা ব্যাংকের আমানত ছিল ১ লাখ ১ হাজার ৬২০ কোটি টাকা, ২০২২ সাল শেষে যা হয়েছে ১ লাখ ১ হাজার ৪৬৬ কোটি টাকা। আমানত সামান্য কমলেও ব্যাংকটির ঋণ বেশ বেড়েছে। ২০২১ সালে ঋণের পরিমাণ ছিল ৬৯ হাজার ৯৬৫ কোটি টাকা, যা গত বছরে বেড়ে হয়েছে ৮৫ হাজার ২০৬ কোটি টাকা।
তবে জনতা ব্যাংকের নিজস্ব বিনিয়োগ কমেছে। ২০২১ সালে ব্যাংকটি ট্রেজারি বিল, বন্ড, অন্যান্য ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছিল ১৯ হাজার ৮৮০ কোটি টাকা, গত বছর যা কমে হয়েছে ১২ হাজার ৩১৯ কোটি টাকা।
২০২১ সালে খেলাপি ঋণ ১২ হাজার ৩১৯ কোটি টাকা থেকে বেড়ে ২০২২ সালে হয়েছে ১৪ হাজার ৫০৪ কোটি টাকা। আর মূলধন ঘাটতি ৭২৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৯৯ কোটি টাকা।