সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিটি গঠনের সিদ্ধান্ত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে আজ বৈঠক করেন বাংলাদেশে সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি কাজ করবে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

বৈঠকে সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের পর স্থানীয় ব্যাংকগুলোর এ কার্যক্রমে আগ্রহ এবং কয়েকটি ব্যাংকের ইতিমধ্যে অংশগ্রহণের বিষয়টি সিঙ্গাপুরের প্রতিনিধিরা প্রশংসা করেন।

বৈঠকে গভর্নর দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার আহ্বান জানান তিনি।

সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের সঙ্গে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ওয়াং চু সিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের বেনজামিন চুয়েসহ একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে বৈঠকে ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।