আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকপদত্যাগ করলেন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন চার স্বতন্ত্র পরিচালক। বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনায় এসব পরিচালক আজ রোববার পদত্যাগ করেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তাঁদের মধ্য থেকে চারজন পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় এস আলম ও কেডিএস গ্রুপ ব্যাংকটি পরিচালনায় যুক্ত ছিল। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ব্যাংকটির পরিচালনায় কেডিএস গ্রুপের ক্ষমতা বাড়ে। এখন স্বতন্ত্র পরিচালক সরিয়ে নেওয়ায় ব্যাংকটি পরিচালনায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে কেডিএস গ্রুপের।
আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন—মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান। তাঁদের কেউ ছিলেন সাবেক ব্যাংকার, হিসাববিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পদত্যাগ করা একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছে। এরপরই তাঁরা পদত্যাগ করেন।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে স্বতন্ত্র পরিচালক সরিয়ে নেওয়ার কথা বলা হয়। সেই অনুযায়ী একজন স্বতন্ত্র পরিচালক রেখে বাকি চারজনকে পদত্যাগ করতে বলা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ওই সময় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আর্থিক খাতের বিতর্কিত ব্যক্তি ব্যক্তি সাইফুল আলম বা এস আলমের ভাই আবদুস সামাদ লাবু ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপ দুটির মালিকপক্ষ চট্টগ্রামের পটিয়ার। ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কয়েকজন স্বতন্ত্র পরিচালককে। স্বতন্ত্র পরিচালকদের সময়ে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে ব্যাংকটিতে নিরীক্ষা করা হয়। এতে বিভিন্ন অনিয়ম উঠে আসে।
জানা যায়, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর মালিকানায় যুক্ত থাকা দুটি পক্ষ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে ওঠে। এরপর কেডিএস গ্রুপ ব্যাংকটির পরিচালনার নিয়ন্ত্রণ ফিরে পায়। অন্যদিকে আরেকটি পক্ষ তাদের শেয়ারের বিপরীতে পরিচালক পদ দাবি করে। এরপর গত জুলাইয়ে ব্যাংকটির পুরোনো ১৪ জন শেয়ারধারীকে ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। আর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।