সামাজিক ব্যবসার মডেলে চালু হলো ডিজিটাল ওয়ালেট ‘জি পে’

নগদ টাকাবিহীন ডিজিটাল লেনদেনের ওয়ালেট সেবা ‘জিপে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলেছবি: প্রথম আলো

আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম ‘জি পে’। আজ বৃহস্পতিবার  সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যাংক ও আর্থিক খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণ টেলিকম ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড এই সেবা চালু করেছে। টাকা স্থানান্তর, ডিজিটাল ওয়ালেটে টাকা যুক্ত করা, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাওয়া যাবে এই প্ল্যাটফর্ম থেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংকের যাত্রার শুরু থেকেই আমরা প্রযুক্তির ওপরে জোর দিয়েছিলাম। গ্রামীণ ব্যাংকই সম্ভবত বাংলাদেশে প্রথম আর্থিক প্রতিষ্ঠান, যেটি হিসাব-নিকাশের জন্য গ্রামে কম্পিউটার নিয়ে গেছে। গ্রামীণফোনের যাত্রাও শুরু হয়েছিল যোগাযোগপ্রযুক্তিকে গ্রামে একেবারে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আজ যাত্রা শুরু করা জি পেও প্রযুক্তিগত নতুন একটি সংস্করণ।’

মুহাম্মদ ইউনূস বলেন, জি পের লক্ষ্য হলো, ‘মানুষকে ভয় থেকে মুক্ত করা। মানুষকে আর নগদ টাকা বহন করতে হবে না। এটি একটি বিরাট স্বস্তি। নোট বা কাগজের টাকা বহনের দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত হব।’

জি পে-কে একটি সামাজিক ব্যবসা হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের যত ধরনের ব্যবসা রয়েছে, সবগুলোর মূল হলো সামাজিক ব্যবসা বা সমস্যা সমাধানের ব্যবসা। সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য হলো, ব্যক্তিগত মুনাফা অর্জন না করে করে সামাজিক সমস্যার সমাধান করা। জি পেও একটা সামাজিক ব্যবসা হবে। মানুষের যেন কল্যাণ হয়, সমস্যার সমাধান হয়, সে জন্যই এই প্রযুক্তি কাজ করবে।’

জি পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ আরমান সিদ্দিকী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, আর্থিক লেনদেনের জটিলতা কমিয়ে তা সবার জন্য সহজ ও বোধগম্য করে তোলা। প্রতিষ্ঠানটির প্রতিপাদ্য হচ্ছে “জিপেতেই সমাধান”। অর্থাৎ এই সেবার মাধ্যমে প্রতিটি আর্থিক সমস্যার সমাধান এনে দেওয়াই আমাদের মূল অঙ্গীকার।’

অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আখতার হামিদ, সমাধান সার্ভিসেসের এমডি আশরাফুল হাসান প্রমুখ বক্তব্য দেন।