সাড়ে ৯ শতাংশ নীতি সুদহার যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ আল মাহমুদ তিতুমীর

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘অর্থকণ্ঠ’ আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী। বক্তব্য দেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ প্রমুখছবি: অর্থকণ্ঠের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের বর্তমান সাড়ে ৯ শতাংশ নীতি সুদহারকে যৌক্তিক মনে করে না সরকার। এই সুদহার কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন।’ তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না সরকার। এ কারণে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটিকে এ বিষয়ে কোনো নির্দেশনাও দেওয়া হচ্ছে না। বরং রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুদহার কমানোর চেষ্টা চলছে।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘অর্থকণ্ঠ’ আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

মূল্যস্ফীতির চেয়ে সুদহার কম হতে পারে কি না, সে প্রসঙ্গে জাপানের উদাহরণ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, জাপানে মূল্যস্ফীতি ৩ শতাংশ হলেও সুদহার ১ শতাংশ।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, বিনিয়োগের স্বার্থে ঋণের সুদহার কমানোর চেষ্টা করছে সরকার। এ লক্ষ্যে ৩৯ হাজার কোটি টাকার তহবিল এবং সরকারের রাজস্ব থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সুদহার কমানোর জন্য সরকারের পক্ষ থেকে এখনো আহ্বান জানানো হচ্ছে।

ব্যাংক খাতের পুনরুদ্ধারে সরকারের পরিকল্পনা তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, চার বছর মেয়াদি কর্মসূচির আওতায় দুর্বল ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান পর্যালোচনা (একিউআর) করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশা করছে সরকার।

ব্যাংক খাতের প্রতি ইতিমধ্যে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে দাবি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা ফিরছে। এ ব্যাংকের আমানতও বেড়েছে। আগের মতো অভিযোগ শোনা যাচ্ছে না। একইভাবে পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণ, মূলধন পরিস্থিতি ও বেসরকারি খাতের ক্ষেত্রে আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান উন্নতি দেখা যাবে।

দুর্বল ব্যাংকগুলো পুনরুদ্ধারে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, তবে এর মধ্যেও কিছু আশার খবর রয়েছে। অতীতে যেসব দেশ বা বিদেশি পক্ষকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের কেউ কেউ আবার আগ্রহ দেখাচ্ছে। যেমন সৌদি আরব এখন আগ্রহ দেখাচ্ছে। এ ছাড়া ইসলামি ব্যাংকগুলোর কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকে আলাদা বিভাগ গঠন করা হয়েছে বলে জানান তিনি।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী। তিনি বলেন, ঋণ অনুমোদনের ক্ষেত্রে কখনো কখনো রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সম্পর্ক ভূমিকা রেখেছে। ফলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা দুর্বল হয়েছে।

সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বর্তমানে ব্যাংক খাতে ৩৩ শতাংশ খেলাপি ঋণের যে হিসাব রয়েছে, তার মধ্যে পাচার হওয়া অর্থও রয়েছে। এসব অর্থ কখনোই প্রকৃত কোনো প্রকল্পে বিনিয়োগ করা হয়নি। এ কারণে খেলাপি ঋণকে দুটি ভাগে বিভক্ত করার পরামর্শ দেন তিনি। একটি হচ্ছে প্রকৃত খেলাপি ঋণ, অন্যটি পাচার হয়ে যাওয়া অর্থ। এই দুই ধরনের ঋণের পৃথক পরিসংখ্যান প্রকাশ করা উচিত বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মেহেদী হাসান। সভাপতিত্ব করেন অর্থকণ্ঠের উপদেষ্টা সম্পাদক নাহিদুল খান।