দেড় মাস পর ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
দেড় মাস পর বাজার থেকে মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সায় কেনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে বিষয়টি জানা গেছে। সূত্রটি জানিয়েছে, চলতি অর্থবছর এখন পর্যন্ত ৫৫৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তার মধ্যে চলতি মাসে কেনা হয়েছে ৭ কোটি ডলার। এদিকে আজ বুধবার দিন শেষে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার। গত ৩১ মার্চ রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সংকটের পাশাপাশি দামও বেড়েছে। ফলে জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় বেড়েছে। ফলে রিজার্ভের ওপর বাড়তি চাপ পড়তে পারে, তা নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ রয়েছে।
এদিকে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস প্রবাসী আয় বা রেমিট্যান্সের আসা এখনো ইতিবাচক ধারায় রয়েছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে ব্যাংক মাধ্যমে ১৬১ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৮ কোটি ডলারের। তার মানে চলতি মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৫ দশমিক ৭৮ শতাংশ।