ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা আপাতত বন্ধ

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে সাততলা ভবনে গতকালের বিস্ফোরণে পাশের পাঁচতলা ভবনে থাকা ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবার ঘটনাস্থলে মানুষের ভিড়ছবি: ফয়জুল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারে সাততলা ভবনে ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা। বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের সম্মুখভাগের কাঁচ ভেঙে গেছে। এই কারণে গুলিস্তান শাখা আপাতত বন্ধ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। এই শাখার গ্রাহকদের ব্র্যাক ব্যাংকের নওয়াবপুর শাখা থেকে সেবা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, বিস্ফোরণে আহত হয়েছেন ব্যাংকটির কয়েকজন কর্মকর্তা, তবে তাঁদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার পাশের ভবনের চারতলাজুড়ে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা ও এসএমই ইউনিট অফিস। ক্ষতিগ্রস্ত শাখাটি মেরামতের চেষ্টা করছেন কর্মীরা। ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধারকাজ শেষ না হওয়ায় এবং ব্যাংকের ক্ষতিগ্রস্ত শাখাটি মেরামত শেষ না হওয়া পর্যন্ত এটিতে কার্যক্রম বন্ধ থাকবে।

এ নিয়ে ব্র্যাক ব্যাংক আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গুলিস্তান শাখা ও এসএমই ইউনিট অফিস আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গ্রাহকদের নিকটস্থ নওয়াবপুর শাখা থেকে সেবা গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। নওয়াবপুর রোডের ১৭২ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের নওয়াবপুর শাখা।