নতুন এমডি যোগ দিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকে

মো. আবেদুর রহমান সিকদার

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আবেদুর রহমান সিকদার। তিনি গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় তিন দশকের ব্যাংকিং কর্মজীবনে আবেদুর রহমান সিকদার এর আগে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেওয়ার পর তিনি রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, লায়াবিলিটি বিজনেস, কার্ডস, ই-ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ব্রাঞ্চ অপারেশনস এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আধুনিকায়নে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, গ্রাহকসেবা, অপারেশনাল উৎকর্ষ এবং ডিজিটাল ব্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এজেন্ট ব্যাংকিং ও মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে নেক্সাসপে ও রকেট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা কিউআর জনপ্রিয় করার ক্ষেত্রেও তিনি অবদান রাখেন। তাঁর নেতৃত্বে নেক্সাসপে জনপ্রিয় ও উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং অ্যাপে পরিণত হয়।

আবেদুর রহমান সিকদার উত্তরা ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ব্র্যাক ব্যাংকের যাত্রার শুরু থেকেই যুক্ত ছিলেন। ব্র্যাক ব্যাংকে ১৬ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকিং অপারেশনস, ট্রেজারি, রেমিট্যান্স, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, অল্টারনেটিভ ব্যাংকিং, মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স, প্রিমিয়াম ব্যাংকিং ও কাস্টমার এক্সপেরিয়েন্সসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক, ক্লাস্টার হেড ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি শ্রীলঙ্কার ব্র্যাক লংকা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদুর রহমান সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ব্যবসায় প্রশাসন বিষয়ে অধ্যয়ন করেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ডাচ্-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে চেয়ারম্যানস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ইন্টেগ্রিটি অ্যাওয়ার্ড ও বেস্ট ব্র্যাঞ্চ ম্যানেজার অ্যাওয়ার্ড লাভ করেন।