এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ
আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে এবার প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক হাসান তারেক খাঁনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ ব্যাংক নতুন প্রশাসক নিয়োগের নির্দেশনা জারি করে।
আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। একসময় ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আর্থিক খাতে আলোচিত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)।
২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালনা পর্ষদ বসায় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন এমডি না থাকায় প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি বেশির ভাগ ঋণখেলাপি হয়ে পড়েছে। গ্রাহকেরা টাকা ফেরত পাচ্ছেন না। মাঝেমধ্যে গ্রাহকেরা প্রতিবাদ করছেন।
অভিযোগ আছে, এস আলম গ্রুপ ও পি কে হালদার নামে–বেনামে ঋণ নিয়ে গেছে। যা এখন আদায় করা যাচ্ছে না। এর বাইরে যেসব ঋণ গেছে, তা আদায় করে প্রতিষ্ঠানটি বেতন–ভাতার পাশাপাশি অন্যান্য খরচ মেটাচ্ছে।
আভিভা ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক এইচ এম মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘অনেক ঋণগ্রহীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আদায় কম হচ্ছে। দীর্ঘদিন এমডি ছিল না। এখন প্রশাসক দেওয়ায় কার্যক্রম জোরদার হবে।’
পি কে হালদার চলে গেলে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে রাখা হয় আভিভা ফাইন্যান্স, আগে যা ছিল রিলায়েন্স ফাইন্যান্স। তবে আর ঘুরে দাঁড়াতে পারেনি।