কাঁচা পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃ তফসিলের মেয়াদ বাড়ল
বাংলাদেশ ব্যাংক কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য ঋণ পুনঃ তফসিল সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে। এর আওতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির ওপর ২ শতাংশ জমা দিয়ে পরবর্তী দুই বছরের জন্য ঋণ পুনঃ তফসিল করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আজ রোববার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, কাঁচা পাট রপ্তানি খাতে বিরাজমান সমস্যা সমাধানে নেওয়া পূর্ববর্তী পদক্ষেপগুলোর শর্ত পূরণে রপ্তানিকারকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচা পাট রপ্তানিজনিত জটিলতার কারণে এ খাতের গ্রাহকেরা এখনো পুনঃ তফসিল সুবিধা গ্রহণের জন্য এককালীন টাকা জমা দিয়ে ও অন্যান্য শর্ত পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন দাখিল করতে পারেননি। এ জন্য কাঁচা পাট রপ্তানিকারকদের পুনঃ তফসিল সুবিধা গ্রহণের জন্য ব্যাংকের কাছে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হলো।
এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে বলেছিল, কাঁচা পাট রপ্তানিকারকদের প্রজ্ঞাপন জারির ছয় মাসের মধ্যে ঋণ পুনঃ তফসিলের আবেদন জমা দিতে হবে। এর পর থেকে দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে।