দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার

বাংলাদেশ ব্যাংকফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য পাঠাতে এত দিন ব্যবহার করতে হয়েছে বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি। অভ্যন্তরীণ বাণিজ্যের এলসির এই তথ্য বেলজিয়াম হয়ে ঘুরে আসে। এ জন্য প্রতিটি এলসির বিপরীতে গড়ে দেড় হাজার টাকা খরচ হয়, যা পরিশোধ করতে হয় বৈদেশিক মুদ্রায়।

এবার সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কোনো টাকা খরচ ছাড়াই ব্যাংকগুলো নিজেদের মধ্যে এলসির তথ্য আদান-প্রদান করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে বছরে ৬০ থেকে ৭০ লাখ মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সময় ও খরচ কমবে, রপ্তানি বাণিজ্য গতিশীল হবে এবং ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের তদারকি আরও জোরদার হবে।

আজ শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে নতুন এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা বিএআরটিএ, যা বার্তা নামে পরিচিত হবে। দেশীয় মেধা ও প্রযুক্তি ব্যবহার করে প্ল্যাটফর্মটি তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের তথ্য কেন বিদেশ ঘুরে আসত

দেশি ও বিদেশি যেকোনো ধরনের এলসির তথ্য আদান-প্রদানের জন্য দেশের ব্যাংকগুলো ‘সুইফট’ নামের একটি আন্তর্জাতিক বার্তা আদান-প্রদান ব্যবস্থা ব্যবহার করে। বেলজিয়ামভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে এত দিন দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের তথ্যও আদান-প্রদান করা হয়ে আসছে।

বিষয়টি সহজ করে বলা যাক। দেশের কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠান বিদেশি ক্রেতার কাছ থেকে পণ্য সরবরাহের আদেশ পাওয়ার পর দেশে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল সংগ্রহের জন্য স্থানীয় বা ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারে। এ ক্ষেত্রে রপ্তানিকারকের ব্যাংক থেকে স্থানীয় কাঁচামাল সরবরাহকারীর ব্যাংকে এলসির তথ্য পাঠাতে হয়। দুটি ব্যাংকই বাংলাদেশে অবস্থিত হলেও এত দিন সেই তথ্য সুইফটের মাধ্যমে বিদেশ ঘুরে আসে।

নতুন বার্তা প্ল্যাটফর্মে এ তথ্য সরাসরি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পৌঁছে যাবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সার্ভারের মাধ্যমে। এলসি খোলা, সংশোধন, নথিতে কোনো ত্রুটি থাকলে তা জানানো, বিল পরিশোধের স্বীকৃতি ও অর্থ পরিশোধের নিশ্চিতকরণ—সব ধরনের বার্তা এই প্ল্যাটফর্মে আদান-প্রদান করা যাবে।

বছরে কত টাকা সাশ্রয় হবে

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গত ২০২৫–২৬ অর্থবছরে দেশে বৈদেশিক মুদ্রায় স্থানীয় এলসি খোলা হয়েছিল ৫ লাখ ৭৯ হাজার ১১০টি। প্রতিটি এলসির বিপরীতে গড়ে দেড় হাজার টাকা হিসাবে এসব এলসির তথ্য আদান-প্রদানে খরচ হয়েছে প্রায় ৮৬ কোটি ৮৭ লাখ টাকা। ডলারের হিসাবে এর পরিমাণ ৭২ লাখ ৪০ হাজার।

তবে এ বাবদ দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু আয়ও ছিল। সেই আয় বাদ দিলে গত অর্থবছরে নিট বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৬১ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য কোনো ফি বা মাশুল দিতে হবে না। ফলে এলসির তথ্য আদান-প্রদান বাবদ বিদেশি প্রতিষ্ঠানকে যে অর্থ দিতে হতো, তা দেশেই থেকে যাবে।

সুবিধা পাবেন যেসব ব্যবসায়ী

নতুন এই ব্যবস্থায় সবচেয়ে বেশি উপকৃত হবে দেশের রপ্তানিমুখী শিল্পের পশ্চাৎমুখী সংযোগ শিল্প বা ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি। মূলত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে দেশে যেসব শিল্পপ্রতিষ্ঠান কাঁচামাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করে, সেগুলো এই শিল্পের অন্তর্ভুক্ত।

নতুন ব্যবস্থায় এলসি খোলা ও সংশোধনের তথ্য দ্রুত পাওয়া যাবে। এতে রপ্তানিকারক ও স্থানীয় সরবরাহকারীদের মধ্যে ব্যবসায়িক সমন্বয় আরও সহজ হবে। পাশাপাশি এলসির বিপরীতে অর্থ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেলে তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এর ফলে প্রচ্ছন্ন রপ্তানির বিপরীতে অপরিশোধিত অর্থের পরিমাণ কমে আসবে। স্থানীয় শিল্প থেকে কাঁচামাল সংগ্রহের প্রক্রিয়া সহজ হলে দেশের রপ্তানি পণ্যে দেশীয় মূল্য সংযোজনও বাড়বে।

এ ছাড়া পণ্য সরবরাহকারী ও ক্রেতার মধ্যে কোনো বাণিজ্যিক বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করাও সহজ হবে। কেননা এলসিসংক্রান্ত সব বার্তা কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে। প্রয়োজনের সময় বিদেশি প্রতিষ্ঠানের কাছে তথ্য না চেয়েই সেগুলো পাওয়া যাবে।

তদারকি সহজ হবে

বর্তমানে স্থানীয় এলসির কার্যক্রম তদারকির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর পাঠানো তথ্যের ওপর নির্ভর করতে হয় বাংলাদেশ ব্যাংককে। কোনো ব্যাংক যথাসময়ে তথ্য না পাঠালে সেটি কেন্দ্রীয় ব্যাংকের তদারকির বাইরে থেকে যাওয়ার আশঙ্কা থাকে।

নতুন প্ল্যাটফর্মে এলসি খোলা থেকে শুরু করে অর্থ পরিশোধ পর্যন্ত বিভিন্ন ধাপের তথ্য সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে থাকবে। ফলে কোথাও কোনো এলসির বিপরীতে নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না হলে কেন্দ্রীয় ব্যাংক তা দ্রুত জানতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

প্ল্যাটফর্মটিতে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত থাকবে। এলসিসংক্রান্ত বার্তা পাঠানোর ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য দেখতে ও পর্যবেক্ষণ করতে পারবেন, তবে পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না।