বাংলাদেশের ঋণমান কমানোর পথে হাঁটছে মুডিস ইনভেস্টরস
মুডিস ইনভেস্টর সার্ভিস দীর্ঘ মেয়াদে বাংলাদেশের ঋণমান বিএথ্রি ও সিনিয়র আনসিকিওরড রেটিংসের মান কমানোর বিষয়টি পুনর্মূল্যায়ন করবে। সংস্থাটি গত শুক্রবার এ ঘোষণা দিয়েছে। তবে মুডিস বাংলাদেশের স্বল্প মেয়াদে ইস্যু করা রেটিং বা ঋণমান নট প্রাইমে নিশ্চিত করেছে।
বাংলাদেশের ঋণমান পুনর্মূল্যায়নের কারণ হিসেবে বাংলাদেশের বহির্লেনদেন পরিস্থিতির অবনতি, বাহ্যিক দুর্বলতা এবং সরকারি তারল্য কমার কথা উল্লেখ করেছে। এগুলো দেশের বর্তমান ক্রেডিট রেটিং তথা ঋণমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না–ও হতে পারে। তারা মনে করছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত পর্যাপ্ততার অবনতি রোধে নিয়ন্ত্রক সংস্থার বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণের প্রশাসনিক দুর্বলতাও রয়েছে। সংস্থাটি মনে করে, বর্ধিত ঋণ সহায়তা বা বর্ধিত তহবিল সহায়তা পাওয়ার বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি করতে চলেছে। কিন্তু কর্মসূচিসংক্রান্ত শর্তাবলি এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন ঝুঁকির কারণে বাংলাদেশের অর্থনীতিতে ও সমাজব্যবস্থায় যে প্রভাব পড়তে পারে, তা মোকাবিলায় সরকারি সামর্থ্যে দুর্বলতা রয়েছে। বিশেষ করে রিজার্ভ কমে যাওয়ার বিষয়টি বড় অনিশ্চয়তা তৈরি করেছে।
মুডিস বলছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে। সেই সঙ্গে খাদ্য ও সারের দাম বাড়ায় সরকারের ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অবশ্য স্থানীয় টাকার অবমূল্যায়ন এবং কিছু পণ্যের দামের নমনীয়তা মধ্য মেয়াদে বাণিজ্য পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। সংস্থাটি আশা করে যে জ্বালানিসংকট স্বল্প মেয়াদে বৈদেশিক লেনদেনে ঘাটতি ও তারল্যঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
ঋণমান নির্ণয়কারী সংস্থাটি বলছে, আন্তর্জাতিক কোম্পানিগুলোর নগণ্য উপস্থিতি এবং অভ্যন্তরীণ পুঁজিবাজারের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের সার্বভৌম অর্থায়নের বিকল্পগুলো সীমিত। বিশেষ করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও (এফডিআই) খুব কম। বিদেশি ঋণের রেয়াতযোগ্য প্রকৃতির কারণে তা পরিশোধের সামর্থ্য রয়েছে বাংলাদেশের। তবে ঋণ ব্যবহারে দুর্বলতা আছে। এ ছাড়া রাজস্ব আয়ের পরিমাণও কম। সব মিলিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে বাংলাদেশের সামনে। পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আইএমএফ কোন কোন শর্তে বাংলাদেশকে সহায়তা প্রদান করে, তা বিবেচনায় নেবে মুডিস।