অ্যাকসেস ব্যাংকের কাছে আফ্রিকার কিছু ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের পাঁচটি সাবসিডিয়ারি কোম্পানি নাইজেরিয়ার অ্যাকসেস ব্যাংকের কাছে বিক্রি করে দিচ্ছে। সে লক্ষ্যে ইতিমধ্যে চুক্তিও হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই সাবসিডিয়ারি কোম্পানিগুলো সাব-সাহারা আফ্রিকার দেশগুলোতে অবস্থিত।
স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাঙ্গোলা, ক্যামেরুন, গাম্বিয়া ও সিয়েরা লিওনে অবস্থিত তাদের সাবসিডিয়ারির পাশাপাশি তানজানিয়ায় অবস্থিত ভোক্তা ও ব্যাংকিং ব্যবসার শেয়ার বিক্রি করবে। যে অ্যাকসেস ব্যাংকের কাছে তারা এটি বিক্রি করবে, তা অ্যাকসেস হোল্ডিংস লিমিটেডের সহায়ক সংস্থা। স্ট্যান্ডার্ড চার্টার্ড গত বছরের এপ্রিলে বলেছিল, তারা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সাতটি দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেবে। যেসব অঞ্চলে মুনাফার হার বেশি, সেই সব অঞ্চলেই বেশি নজর দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বিবৃতিতে বলেছে, অ্যাকসেস ব্যাংক পূর্বোক্ত পাঁচটি দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কর্মী, গ্রাহকসহ সব অংশীজনকে ধারাবাহিকভাবে ব্যাংকিং পরিষেবা দেবে।
বৈশ্বিকভাবে দক্ষতা অর্জন, জটিলতা কমানো ও ব্যবসা সম্প্রসারণের যে পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড করেছে, এ চুক্তি তারই অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চুক্তির সব শর্ত এখনো পূর্ণাঙ্গ হয়নি। এ কারণে এই চুক্তির অর্থমূল্য ঠিক কত, তা এখনো প্রকাশ করা হয়নি। সেই সঙ্গে এ চুক্তি উল্লিখিত পাঁচটি দেশসহ নাইজেরিয়ার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত হতে হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল কৌশল বিবৃতিতে বলেছেন, ‘এই কৌশলগত সিদ্ধান্তের মধ্য দিয়ে যেসব অঞ্চলে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা আছে, সেই অঞ্চলে আমরা বিনিয়োগ সরিয়ে নিতে পারব।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ চুক্তির মধ্য দিয়ে অ্যাকসেস শক্তিশালী বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে পারবে, যার মাধ্যমে তারা অর্থ পরিশোধ, বিনিয়োগ ও বাণিজ্যের দ্বার হিসেবে কাজ করবে। সেটা যেমন আফ্রিকার মধ্যে, তেমনি আফ্রিকার সঙ্গে অন্যান্য দেশের।’
অ্যাকসেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুজভেল্ট ওগবন্যা বিবৃতিতে বলেন, ‘ইউরোপে আমাদের বিস্তার হচ্ছে, সেই সঙ্গে আফ্রিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে দৃঢ় উপস্থিতির মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে যে ব্যবধান আছে, তা দূর করতে পারব।’