নতুন গভর্নরের স্বাক্ষরে বাজারে এসেছে ১০ ও ২০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংক বাজারে নিয়ে এসেছে ১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট। নোট দুটিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তার স্বাক্ষরিত কোনো নোট বাজারে এল।
আজ বৃহস্পতিবার নতুন এ দুই নোট বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন থেকে এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, আপাতত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট দুটি বাজারে ছাড়া হচ্ছে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও নোট দুটি বাজারে ছাড়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তাবৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকছে। নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে বাজারে থাকা ১০ ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।
নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি বছরের ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের দ্বাদশ গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে আব্দুর রউফ তালুকদার সরকারের অর্থসচিব হিসেবে কর্মরত ছিলেন।
গত ১১ জুন সরকারি ছুটির দিনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।