প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ১৭৫ কোটি ২০ লাখ টাকা
দেশের বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের ২০২৬ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফায় বড় উল্লম্ফন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে প্রায় ১৭৫ কোটি ২০ লাখ টাকা।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটি তাদের আর্থিক অবস্থার এই চিত্র প্রকাশ করেছে।
ব্যাংকটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। গত বছরের (২০২৫) একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৮৮ পয়সা বা ৪৩ দশমিক ৫ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি। এই শেয়ারের বিপরীতে গত বছরের তুলনায় ব্যাংকটির মোট নিট মুনাফা বেড়েছে ১৭৫ কোটি ২০ লাখ ১৫ হাজার ২৭ টাকা।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত বিনিয়োগ ও সুদ থেকে আয় বাড়ার কারণে নিট মুনাফায় এই বড় প্রবৃদ্ধি হয়েছে।
মুনাফায় বড় লাফ দিলেও এই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ কমেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৩ টাকা ৪৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪৮ টাকা ৩৫ পয়সা। তবে একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস বেড়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যেখানে এনএভিপিএস ছিল ৫১ টাকা ৫৬ পয়সা, চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ টাকা ১২ পয়সায়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত গ্রাহকদের আমানত ফেরত দেওয়া এবং ঋণের অর্থ পরিশোধের চাপ থাকায় নগদ প্রবাহ গত বছরের তুলনায় কমেছে। এ ছাড়া সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে আসা মুনাফা ও ব্যাংকের সামগ্রিক নিট মুনাফা বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ বা সম্পদমূল্য আগের চেয়ে বেড়েছে।
এদিকে মুনাফা বৃদ্ধির খবর প্রকাশের পর আজ বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দর গতকালের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা আড়াই শতাংশ বেড়েছে। এ সময় পর্যন্ত ব্যাংকটির শেয়ার সর্বশেষ ৭৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত ৫২ সপ্তাহের মধ্যে ব্যাংকটির শেয়ার সর্বনিম্ন ৪৫ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৯ টাকা ৬০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। বর্তমানে ব্যাংকটির মোট বাজার মূলধনের পরিমাণ ১৪ হাজার ৩১৪ কোটি টাকার বেশি।
ব্র্যাক ব্যাংক বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সমাপ্ত হিসাববছরে ব্যাংকটি তাদের শেয়ারধারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ এবং সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এর আগে ২০২৩ সালেও ব্যাংকটি মোট ২০ শতাংশ (১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল।