ইসলামী ব্যাংকে পর্ষদ গঠনসহ সাত দফা দাবি জানাল গ্রাহক ফোরাম
অংশীজনদের সঙ্গে আলোচনা করে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের দিয়ে ইসলামী ব্যাংকে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে ফোরামের নেতারা আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য গ্রাহক মহাসমাবেশ স্থগিত করেছেন।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আজ শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে গ্রাহক মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দেয় এবং সাত দফা দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুরুনবী মানিক।
অন্য ব্যাংকগুলোর মতো ইসলামী ব্যাংককে প্রকৃত ও আদি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান নুরুনবী মানিক। তিনি বলেন, সাধারণ গ্রাহক ও দেশের স্বার্থে ইসলামী ব্যাংককে পুনরায় কোন লুটেরা বা রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের চক্রান্তের শিকার হতে দেওয়া যাবে না। ২০১৭ সালে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে এই ব্যাংকের বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল।
সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংক লুটকারীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার রোধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। তারা একটি বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা নেওয়া এবং ব্যাংক কোম্পানি আইন থেকে ১৮/ক ধারা বাতিলের দাবি করে।
নুরুনবী মানিক দাবি করেন, জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা অসত্য ও বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন। তিনি এসব বক্তব্য প্রত্যাহারের দাবি জানন।
সংবাদ সম্মেলনে সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুরুনবী মানিক অভিযোগ করেন, ‘দীর্ঘ দুই মাসেও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ গ্রাহকেরা যখন তাঁদের আমানতের সুরক্ষার জন্য আন্দোলন করে, তখন সেখানে তারা রাজনীতি খোঁজার চেষ্টা করে। এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কাল শনিবারের গ্রাহক মহাসমাবেশ আপাতত স্থগিত করা হলো। দ্রুততম সময়ের মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ঘোষণা না করা হলে খুব শিগগির মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করা হবে।