বিকাশে বাকিতে ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে
গ্রাহকের বিকাশ হিসাবে ব্যালেন্স বা পর্যাপ্ত টাকা না থাকলেও সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। বিকাশ অ্যাপের ‘পে-লেটার’ সেবার মাধ্যমে নিজের অথবা প্রিয়জনের মোবাইলে এই রিচার্জ করা যাবে। গ্রাহক চাইলে পরবর্তী সাত দিনের মধ্যে এই টাকা ইন্টারেস্ট বা সুদ ছাড়া পরিশোধ করতে পারবেন। সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে এই সেবা নিতে পারবেন বিকাশের গ্রাহকেরা।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস প্রতিষ্ঠান বিকাশ।
বিকাশ জানায়, বিকাশের পে-লেটার সেবা পাওয়ার জন্য বিবেচিত গ্রাহকেরা এই সেবা নিতে পারবেন। এ সেবার আওতায় দেশের যেকোনো অপারেটরে বিকাশের গ্রাহকেরা ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রসেসিং ফি যুক্ত হবে। এর মাধ্যমে ইন্টারনেট, মিনিট, বান্ডিল কিংবা টকটাইমসহ যেকোনো রিচার্জ গ্রাহক তাঁর পছন্দমতো নিতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের গ্রাহকেরা তাঁদের মোবাইল রিচার্জে এ সুবিধা নিতে পারবেন। এ ছাড়া পে-লেটার সেবায় নির্ধারিত অঙ্কের টাকা একবারে বা বহুবারে নেওয়ার সুযোগ আছে। গ্রাহকের বিকাশ হিসাবে যত টাকা থাকুক তার প্রয়োজনে এই পে-লেটার সেবা ব্যবহার করতে পারবেন।
যেভাবে রিচার্জ করা যাবে
এ সেবা নেওয়ার জন্য প্রথমে বিকাশ অ্যাপের ‘মোবাইল রিচার্জ’ অপশনে যেতে হবে। এরপর কাঙ্ক্ষিত নম্বর ও টাকার পরিমাণ (১০০-১,০০০ টাকা) দিতে হবে। পেমেন্ট স্ক্রিনে ‘পে-লেটার’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘৭ দিনে পরিশোধ’ নির্বাচন করে পরের ধাপে বিস্তারিত দেখে নিশ্চিত করলেই মোবাইল রিচার্জ হয়ে যাবে। যাঁরা বিকাশ অ্যাপে পে-লেটার সেবার জন্য বিবেচিত হয়েছেন, তাঁরাই এ সেবা ব্যবহার করতে পারবেন।
পরিশোধের নিয়ম ও সুবিধা
পে-লেটার করার সাত দিন পর বিকাশ হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল রিচার্জের টাকা পরিশোধ হয়ে যাবে। তাই নির্ধারিত তারিখের মধ্যে গ্রাহকের বিকাশ হিসাবে প্রয়োজনীয় ব্যালেন্স বা টাকা রাখতে হবে। গ্রাহক চাইলে এর আগেও তা পরিশোধ করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে শর্তানুযায়ী বিলম্ব ইন্টারেস্ট বা সুদ প্রযোজ্য হবে।
বিকাশের জনপ্রিয় মোবাইল রিচার্জ সেবায় এবার পে-লেটার করার সুবিধা গ্রাহকের জীবনধারাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করবে। পাশাপাশি ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।