ঈদের আগে শেষ কর্মদিবস
ব্যাংকে টাকা তোলার চাপ, সামান্য বেড়েছে কল মানি সুদ হার
টাকা উত্তোলনের তালিকায় বড় অংশ ছিল প্রবাসী আয় সংগ্রহকারী, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহক। এর মধ্যে অনেকে নতুন টাকা পেয়ে হাসিমুখে ব্যাংক থেকে বের হয়েছেন।
ঈদের আগে শেষ কর্মদিবসে আজ ব্যাংক শাখাগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে। মূলত নগদ টাকা উত্তোলনের জন্য ছিল এই চাপ। তবে অন্য ঈদের তুলনায় চাপ ছিল খানিকটা কম। টাকা উত্তোলনের পাশাপাশি জমাও করেছেন অনেকে। যাঁরা ব্যাংকগুলোতে টাকা তুলতে এসেছিলেন, তাঁদের কোনো সমস্যা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, টাকা উত্তোলনের তালিকায় বড় অংশ ছিল প্রবাসী আয় সংগ্রহকারী, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহক। এর মধ্যে অনেকে নতুন টাকা পেয়ে হাসিমুখে ব্যাংক থেকে বের হয়েছেন। রাজধানীর কয়েকটি ব্যাংক শাখা পরিদর্শনে এমন চিত্র দেখা গেছে।
এদিকে কল মানিতে গড় সুদহার অন্যদিনের তুলনায় আজ কিছুটা বেশি ছিল। তবে লেনদেন হয়েছে অন্যদিনের তুলনায় কম। ব্যাংকগুলোয় গড়ে ৬ দশমিক ১৯ শতাংশ সুদে টাকা লেনদেন হয়েছে, সর্বোচ্চ সুদহার ছিল সাড়ে ৭ শতাংশ। লেনদেন হয়েছে ৩ হাজার ৭৫ কোটি টাকা। এর আগে সোমবার কলমানিতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৯৮৬ কোটি টাকা। গড় সুদহার ছিল ৬ দশমিক শূন্য ৮ শতাংশ, সর্বোচ্চ সুদহার ছিল সাড়ে ৭ শতাংশ।
ঈদের আগে আজ মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হবে শনিবার বা রোববার। সে হিসেবে ব্যাংক খুলবে সোমবার বা মঙ্গলবার। তবে এই সময়ে খোলা থাকবে ব্যাংকের এটিএম, পয়েন্ট অব সেলস, ইন্টারনেট ব্যাংকিং, অ্যাপসসহ ডিজিটাল সব সেবা। শেষ কর্মদিবস হওয়ার কারণে আজ ব্যাংক শাখাগুলোতে অন্যদিনের তুলনায় কিছুটা বেশি ভিড় লক্ষ করা গেছে।
ব্যাংকগুলোতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ছিলেন ব্যবসায়ী, ঠিকাদার ও প্রবাসী আয় উত্তোলনকারী গ্রাহকেরা।
প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গুলশান শাখার ব্যবস্থাপক শাহেদ সেকান্দার প্রথম আলোকে বলেন, ‘আমাদের শাখায় পোশাক খাতের কোম্পানিগুলো বেশি। সোমবারের মধ্যে সবার বেতন ও বোনাস চলে গেছে। ফলে মঙ্গলবারে চাপ কম ছিল। যাঁরা এসেছিলেন, তাঁদের বেশির ভাগ বড় ব্যবসায়ী। পাশাপাশি ঠিকাদারেরাও এসেছিলেন নগদ টাকা উত্তোলনে। তবে সাধারণ গ্রাহকেরা নগদ টাকা তুলতে বেশি আসেননি।’
তবে একটু বেশি ভিড় ছিল মতিঝিলের ব্যাংক শাখাগুলোতে। বিকেল পাঁচটার সময়েও টাকা তোলার জন্য গ্রাহক অপেক্ষায় ছিলেন। এমন একটি শাখা ঢাকা ব্যাংকের স্থানীয় শাখা। ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মতিঝিলের স্থানীয় কার্যালয়ের প্রধান শেখ আব্দুল বাকির প্রথম আলোকে বলেন, সোমবারের তুলনায় একটু চাপ কম। তবে প্রবাসী আয় উত্তোলনে বেশি গ্রাহক এসেছে। আবার ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও নগদ টাকা উত্তোলন করেছেন। অন্য স্বাভাবিক দিনের তুলনায় নগদ উত্তোলন বেশি হয়েছে। যাঁরা ব্যাংকে এসেছেন, সবাই সেবা পেয়েছেন।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, উত্তোলনের পাশাপাশি অনেকে টাকা জমাও দিয়েছেন। কারণ, ঈদের ছুটিতে যাঁরা ঢাকার বাইরে যাবেন, তাঁরা নিজের কাছে থাকা টাকা ব্যাংকে জমা করে যাচ্ছেন। আবার কিস্তি বা আমানত স্কিমের টাকাও জমা দিয়েছেন অনেকে। ফলে সব ধরনের গ্রাহক ছিলেন ব্যাংকপাড়ায়।
সারা দেশের ব্যাংক শাখাগুলোর মধ্যে সবচেয়ে বড় ধরা হয় ইসলামী ব্যাংকের স্থানীয় শাখাকে। এই শাখায় গতকাল প্রায় ৫ হাজার গ্রাহক টাকা জমা ও উত্তোলন করেছেন এবং প্রবাসী আয় সংগ্রহ করেছেন। অন্য স্বাভাবিক সময়ে ব্যাংক শাখাটিতে সাড়ে ৩ হাজার গ্রাহক সেবা নেন। চাপ সামলাতে অতিরিক্ত সাতজন কর্মকর্তাকে সাধারণ ব্যাংকিং সেবায় যুক্ত করে শাখাটি। এতে গ্রাহকেরাও দ্রুত সময়ে সেবা পান বলে জানিয়েছেন শাখার একজন কর্মকর্তা।
যোগাযোগ করা হলে ওই শাখার ব্যবস্থাপক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘শেষ দিন হওয়ায় নির্ধারিত সময়ের পরও আমাদের সেবা দিতে হয়েছে। ঈদের জন্য গ্রাহকদের চাহিদামতো নতুন টাকা দেওয়ারও চেষ্টা করেছি। তবে উত্তোলনের চেয়ে আমাদের শাখায় জমার পরিমাণ ছিল বেশি। প্রবাসী আয়ও অন্য সময়ের চেয়ে বেশি এসেছে। কোনো গ্রাহক সেবা না পেয়ে ফেরত যাননি।’