দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হলেন নুরুন নাহার, যোগ দেবেন আড়াই মাস পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার। আজ বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ কার্যকর হবে আড়াই মাস পর, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নুরুন নাহারকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
সে হিসেবে নুরুন নাহার দ্বিতীয় নারী, যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন। এর আগে প্রথম নারী ডেপুটি গভর্নর ছিলেন নাজনীন সুলতানা।

আগামী ১ জুলাই মেয়াদ পূর্ণ হবে বর্তমান ডেপুটি গভর্নর আহমেদ জামালের। এর পর যে শূন্য পদ হবে, তার বিপরীতেই যোগ দেবেন নুরুন নাহার।
জানা গেছে, নুরুন নাহারের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সার-সংক্ষেপে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ স্বাক্ষর করেন গত ৩ এপ্রিল। পর দিন ৪ এপ্রিল এতে স্বাক্ষর করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন ৯ এপ্রিল।

নুরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে বিএসসি ডিগ্রি এবং এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ১৯৬৫ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি।