বেসরকারি খাতে ঋণ বাড়বে, কমবে সরকারি খাতে

মুদ্রানীতির ঘোষণা দেন গভর্নর আহসান এইচ মনসুরপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৪-২৫ অর্থবছরের শেষ ছয় মাসে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। আগামী জুন পর্যন্ত সময়ের জন্য বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৩ শতাংশ। সেই হিসাবে চলতি অর্থবছরের শেষ ছয় মাসের জন্য বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আড়াই শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছে।

আজ সোমবার চলতি অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে বেসরকারি খাতে ঋণ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো হলেও কমানো হয়েছে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়েছে, জুন শেষে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমিয়ে সাড়ে ১৭ শতাংশে নামিয়ে আনা হবে। ডিসেম্বর শেষে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ১ শতাংশ। সরকারি-বেসরকারি ঋণের প্রবৃদ্ধির নতুন এই লক্ষ্যমাত্রার ফলে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধিও বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী জুনে অর্থবছর শেষে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১১ শতাংশ। ডিসেম্বর শেষে এ প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।