প্রাইম ব্যাংক পেল আন্তর্জাতিক স্বীকৃতি
সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেয়েছে দেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে। প্রাইম ব্যাংক জানায়, এই স্বীকৃতি দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রার পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) পক্ষ থেকে উদ্ভাবিত একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক হচ্ছে ট্রেডট্রাস্ট। বিশ্বের নানা দেশে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য ও আন্তপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করে ট্রেডট্রাস্ট। ট্রেডট্রাস্ট-রেডি হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক ট্রেডট্রাস্ট-সক্ষম ইলেকট্রনিক বাণিজ্য নথি ব্যবহারের সক্ষমতা প্রমাণ করেছে। এই অর্জন প্রাইম ব্যাংককে আরও নির্ভরযোগ্য ও আন্তপরিচালনাযোগ্য আন্তসীমান্ত ডিজিটাল বাণিজ্যে সহায়তা করবে।
এই স্বীকৃতি উদ্যাপনের লক্ষ্যে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জের প্রাইম টাওয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতি প্রমাণ করে আমাদের বাণিজ্য অবকাঠামো বিশ্বমানের ডিজিটাল মানদণ্ডের। এ অর্জন স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কুরিয়ার বিলম্ব দূর করতে, খরচ কমাতে এবং আন্তসীমান্ত বাণিজ্যকে দ্রুততর করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ট্রেড বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, ঋণপত্র বা এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম এবং এক্সপোর্ট প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম।