সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে দুই দিন করে
রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এবং বেসরকারি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। এর মধ্যে সোনালী ব্যাংকের লেনদেন ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। আর স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের আলাদা দুটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক দুটি তাদের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদ করতে যাচ্ছে। এই উদ্দেশ্যে নির্ধারিত সময়ে এই ব্যাংকগুলোকে সার্ভার আপগ্রেডের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ডেটাবেজ সার্ভার, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ও ডেটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম হালনাগাদ করা হবে।
সোনালী ব্যাংকের ক্ষেত্রে ইন্টেলেক্ট সিবিএস ১০. ০০ সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ওরাকল ১১জি থেকে ওরাকল ১৯সি–তে উন্নীত করা হবে। এই কার্যক্রমের জন্য ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, আপগ্রেড কার্যক্রমের জন্য উল্লেখিত সময় সংরক্ষণ করা হয়েছে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সিবিএস ডেটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের সংস্করণ ১১জি থেকে ১২সি–তে এবং ডেটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম ওরাকল ১১জি থেকে ১৯সি–তে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকটির প্রস্তাব অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত আপগ্রেড কার্যক্রম চলবে।
কোর ব্যাংকিং সিস্টেম আপডেটের জন্য নির্ধারিত সময়ে ব্যাংক দুটির গ্রাহকেরা লেনদেন করতে পারবেন না। এরই মধ্যে ব্যাংক দুটি বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে।