রাষ্ট্রপতির সঙ্গে বিএবির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকারের নেতৃত্বে প্রতিনিধিদলটি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, রাশেদ আহমেদ চৌধুরী, শরীফ জহির প্রমুখ। এ সময় বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেনছবি: বিএবি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকারের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএবির ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, রাশেদ আহমেদ চৌধুরী, শরীফ জহির প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশের বেসরকারি খাতের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএবির পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর অবদান এবং দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রতি তাঁর অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে বিএবির সদস্য বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা ব্যাংকিং খাতের সার্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। তাঁরা ব্যাংকগুলোর মূলধন ভিত্তি, সম্পদের গুণগত মান ও সুশাসন শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিএবি নেতারা মত প্রকাশ করেন যে দেশে আর কোনো নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান করা উচিত নয়; বরং বিদ্যমান ব্যাংকগুলোকে শক্তিশালী ও সুসংহত করাকেই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) হচ্ছে বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তা তথা মালিকদের সংগঠন।