কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন
অবিতরণকৃত কৃষিঋণ যাবে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে
অবিতরণকৃত অর্থের ওপর ২% সুদ পাবে ব্যাংক।
ব্যাংক ২ শতাংশ সুদে এই তহবিল থেকে টাকা নিতে পারবে।
ব্যাংকগুলোকে তার বিতরণ করা ঋণের ২ দশমিক ১০ শতাংশ অর্থ কৃষি খাতে বিতরণ করতে হয়। তবে অনেক ব্যাংকই এই খাতে লক্ষ্য অনুযায়ী ঋণ বিতরণ করতে পারছে না। এ জন্য অবিতরণকৃত অর্থ সংগ্রহে অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (কৃষি উন্নয়ন অভিন্ন তহবিল) গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলে টাকা জমা দিয়ে ২ শতাংশ সুদ পাবে ব্যাংকগুলো। আর যেসব ব্যাংক কৃষিঋণ দিতে এই তহবিল থেকে টাকা নেবে, তাদেরও ২ শতাংশ সুদ গুনতে হবে। এখন কৃষিঋণে সুদহার সর্বোচ্চ ৮ শতাংশ।
এই উদ্যোগে সবচেয়ে বেশি উপকৃত হবে কৃষি খাতে বেশি ঋণ দেওয়া ব্যাংকগুলো; এগুলোর মধ্যে অন্যতম হলো, বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘আমাদের তহবিল খরচ প্রায় ৮ শতাংশ। ঋণের সুদও একই। এ কারণে ব্যাংকের সূচকগুলো খারাপ হয়ে পড়ছে। এখন ২ শতাংশ সুদে অর্থ পাওয়া গেলে কৃষি খাতে আরও বেশি ঋণ দেওয়া যাবে। এতে কৃষকেরা আরও বেশি ঋণ পাবেন।’
যেসব ব্যাংক কৃষিঋণে এগিয়ে, তারা এতে লাভবান হবে। আর যারা পিছিয়ে, তারা ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে বিদেশি ও বেসরকারি ব্যাংকগুলো
তহবিল গঠন–সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোর বার্ষিক কৃষি ও পল্লিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার অনর্জিত অংশ কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিনিয়োগের জন্য ‘বাংলাদেশ ব্যাংক অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ)’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। কৃষি ও পল্লিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রার অনর্জিত অংশের সমপরিমাণ অর্থ এ তহবিলে জমা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক এই জমাকৃত অর্থের ওপর ২ শতাংশ হারে সুদ দেবে। বিবিএডিসিএফে জমাকৃত অর্থ ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী এবং সক্ষমতার ভিত্তিতে বরাদ্দ করা হবে। ব্যাংকগুলো বরাদ্দপ্রাপ্তির সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংককে ২ শতাংশ হারে সুদসহ আসল পরিশোধ করবে।
এই তহবিল থেকে টাকা নিয়ে কী করা যাবে তা নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংকগুলো বরাদ্দ পাওয়া অর্থ বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লিঋণ নীতিমালা অনুযায়ী ৮ শতাংশ সুদে কেবল নিজস্ব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কৃষিঋণ হিসেবে গ্রাহক পর্যায়ে বিতরণ করতে পারবে। ঋণ প্রদানকারী ব্যাংকগুলো ঋণের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ‘বিবিএডিসিএফ’ থেকে গ্রাহক পর্যায়ে বিতরণকৃত ঋণের ১ শতাংশ সুদের সমপরিমাণ অর্থ জমা করে সংশ্লিষ্ট ব্যাংককে ঝুঁকি ব্যবস্থাপনা তহবিল গঠন করতে হবে। পাশাপাশি বিতরণকৃত ঋণের ১ শতাংশ সুদের সমপরিমাণ অর্থসংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক স্থিতিপত্রে রিজার্ভ হিসেবে রাখতে হবে, যার ঘোষণা বার্ষিক আর্থিক প্রতিবেদনে থাকতে হবে। এই তহবিল থেকে টাকা নিয়ে ব্যাংকগুলো যে ঋণ দেবে, তার ৪ শতাংশ সংশ্লিষ্ট ব্যাংক তার আয় খাতে নিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) কৃষি ও পল্লিঋণ খাতে ৯ হাজার ৪৬৯ কোটি ৩৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এই পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি। গত বছরের একই মাসে কৃষি ও পল্লিঋণ বিতরণ করা হয়েছিল ৭ হাজার ৯০৫ কোটি টাকা। সেই হিসাবে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এবার ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৫৬৪ কোটি টাকা।
জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কৃষিঋণ বিতরণ করা হয় ১ হাজার ৬৬৪ কোটি টাকা। আগস্টে বিতরণ করা হয় ২ হাজার ১৭৩ কোটি টাকা, সেপ্টেম্বরে ২ হাজার ৭৪৭ কোটি টাকা ও অক্টোবরে ২ হাজার ৮৮৫ কোটি টাকা।
এদিকে যেসব ব্যাংক লক্ষ্য অনুযায়ী কৃষিঋণ দিতে পারছে না, ওই ব্যাংকগুলো তাতে ক্ষতিগ্রস্ত হবে; বিশেষ করে বিদেশি ও বেসরকারি ব্যাংকগুলো। কারণ, তহবিল ব্যয় এখন ৫ শতাংশের বেশি। অথচ যে অর্থ তারা কৃষিঋণ হিসেবে দিতে পারবে না, সেই অর্থ ২ শতাংশ সুদে বিবিএডিসিএফ তহবিলে জমা দিতে হবে।