বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাশুল জমা নেবে সোনালী ব্যাংক

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাশুল আদায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে চুক্তি করেছে সোনালী ব্যাংক। গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এমডি শওকত আলী খান, অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাছবি: সোনালী ব্যাংক

এখন থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নবায়ন মাশুল আদায় করতে পারবে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি। গতকাল বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। সোনালী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে এই মাশুল আদায় করবে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক মীর্জা মো. হাসান খসরুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।