ব্যাংকে আমানত ও ঋণ, দুই হিসাবই বাড়ছে নারীদের
দেশের আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও উদ্যোক্তা হিসেবে ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁরা এখনো পিছিয়ে আছেন। ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করা মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। ব্যাংকের মোট ঋণ হিসাবের মধ্যে নারীদের অংশও কমে ১৮ দশমিক ৬ শতাংশে নেমেছে। তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ঋণগ্রহীতাদের ৯১ শতাংশই নারী।
বাংলাদেশ ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫’ শীর্ষক এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, নারীদের ব্যাংক হিসাব (আমানত) বাড়ছে। এক বছরে নারীদের নামে ব্যাংক হিসাব বেড়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। ফলে ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮ দশমিক ৫ শতাংশ এখন নারীদের নামে আছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ব্যাংকে নারীদের আমানত হিসাব ছিল ৫ কোটি ৫০ লাখ, যা ২০২৫ সালের একই সময়ে বেড়ে ৬ কোটি ৪১ লাখে দাঁড়িয়েছে, অর্থাৎ এক বছরে নারীদের আমানত হিসাব বেড়েছে ৯১ লাখ। তাতে ব্যাংকের মোট আমানত হিসাবের মধ্যে নারীদের অংশ বেড়ে হয়েছে ৩৮ দশমিক ৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনটি তৈরিতে ৪৩২টি প্রাথমিক নমুনা এলাকা থেকে ৬ হাজার ৯১২টি পরিবারের তথ্য নেওয়া হয়েছে। প্রতিটি পরিবার থেকে ১৫ বছর বা তার বেশি বয়সী একজন সদস্যকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, সামগ্রিকভাবে আর্থিক সেবায় নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় কম। ২০২৫ সালে প্রাপ্তবয়স্ক পুরুষদের ৬৯ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় থাকলেও নারীদের ক্ষেত্রে এ হার ৬০ দশমিক ৯ শতাংশ। দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে গড়ে ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছে।
এখানে আনুষ্ঠানিক আর্থিক সেবা বলতে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো থেকে নেওয়া সেবাকে বোঝানো হয়েছে।
ঋণপ্রাপ্তিতে পিছিয়ে নারীরা
আমানত হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ব্যাংকে নারীদের ঋণ হিসাব ছিল ২১ লাখ ৯০ হাজার। ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে ২৫ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে। এক বছরে নারীদের ঋণ হিসাব বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ। তবে ব্যাংকের মোট ঋণ হিসাবের মধ্যে নারীদের অংশ ২০ থেকে কমে ১৮ দশমিক ৬ শতাংশ হয়েছে।
সিএমএসএমই খাতে ঋণ পাওয়ায় নারী উদ্যোক্তারা পিছিয়ে রয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে ৭০ হাজার ১৭১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এর মধ্যে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো পেয়েছে ৫ হাজার ২৮৪ কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছেন নারী উদ্যোক্তারা।
নারীদের ব্যাংক হিসাব বেড়েছে। পরিবারের সঞ্চয়েও নারীরা বড় ভূমিকা রাখছেন। এর মধ্য দিয়ে তাঁদের আর্থিক অন্তর্ভুক্তি হচ্ছে ঠিকই, কিন্তু তাঁরা উৎপাদনশীল কাজে সেভাবে যুক্ত হতে পারছেন না।
তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ঋণগ্রহীতাদের মধ্যে নারীদের অংশ অনেক বেশি। এ খাতের মোট ঋণ হিসাবের ৯১ শতাংশই নারীদের।
ঋণ পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যার হিসাবে অবশ্য চিত্র কিছুটা ভিন্ন। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে সিএমএসএমই খাতে ঋণ পেয়েছে নারীদের মালিকানাধীন ১ লাখ ৬১ হাজার ২১৩টি প্রতিষ্ঠান। একই সময়ে পুরুষদের মালিকানাধীন ঋণ পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার ৪২৪। মোট ঋণ পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে নারী উদ্যোক্তাদের হিস্যা ৩৭ দশমিক ৬ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বলেন, নারীদের ব্যাংক হিসাব বেড়েছে। পরিবারের সঞ্চয়েও নারীরা বড় ভূমিকা রাখছেন। এর মধ্য দিয়ে তাঁদের আর্থিক অন্তর্ভুক্তি হচ্ছে ঠিকই; কিন্তু তাঁরা উৎপাদনশীল কাজে সেভাবে যুক্ত হতে পারছেন না, অর্থাৎ এই অন্তর্ভুক্তি এখনো পুরোপুরি অর্থবহ হয়ে উঠছে না।
প্রাতিষ্ঠানিক নানা জটিলতার কারণে নারীরা ব্যাংকে যেতে নিরুৎসাহিত হন বলে মন্তব্য করেন সায়েমা হক। এ কারণে তাঁরা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের দিকে বেশি ঝুঁকছেন। আনুষ্ঠানিক আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে জটিলতার পাশাপাশি আরও কিছু কারণে অনেক নারী উদ্যোক্তা হতে পারছেন না। পারিবারিক দায়িত্বের চাপ, আর্থিক সাক্ষরতার অভাব ও অনেক ক্ষেত্রে ঝুঁকি নিতে অনাগ্রহের কারণে তাঁরা পিছিয়ে পড়ছেন। আবার দেখা যায়, ঋণ নারীর নামে নেওয়া হলেও সেই অর্থ কীভাবে ব্যবহার হবে, সে সিদ্ধান্ত নিচ্ছেন পুরুষেরা।
ঋণের বড় অংশ উৎপাদন খাতে
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নারী উদ্যোক্তাদের পাওয়া সিএমএসএমই ঋণের সবচেয়ে বড় অংশ গেছে উৎপাদন খাতে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে নারী উদ্যোক্তাদের পাওয়া মোট ঋণের ৪১ দশমিক ৫ শতাংশ দেওয়া হয়েছে এ খাতে, যা পরিমাণে ২ হাজার ১৯০ কোটি টাকা।
বাণিজ্য খাতে দেওয়া হয়েছে ১ হাজার ৬২৩ কোটি টাকা, যা নারী উদ্যোক্তাদের মোট ঋণের ৩০ দশমিক ৭ শতাংশ। আর সেবা খাতে গেছে ১ হাজার ৪৭১ কোটি টাকা বা ২৭ দশমিক ৮ শতাংশ ঋণ, অর্থাৎ নারী উদ্যোক্তাদের ঋণের বড় অংশ উৎপাদন ও বাণিজ্য খাতে কেন্দ্রীভূত। তবে মোট সিএমএসএমই ঋণে তাঁদের অংশ এখনো বেশ কম।
মোবাইল আর্থিক সেবায় বাড়ছে অন্তর্ভুক্তি
জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের (এনএফআইএস) ২০২১–২৬ মেয়াদের শেষ পর্যায়ে দেশের আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এ প্রতিবেদনে। এতে বলা হয়েছে, দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাল আর্থিক সেবা প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় গ্রাহক ভিত্তি রয়েছে মোবাইল আর্থিক সেবায় (এমএফএস)।
প্রতিবেদন মতে, ২০২৫ সালে দেশে এমএফএস হিসাবের সংখ্যা বেড়ে ২৫ কোটি ২ লাখে উঠেছে। এর মধ্যে নারীদের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। এ সেবা দিতে দেশজুড়ে সক্রিয় এজেন্ট রয়েছে ২০ লাখ ৩০ হাজারের বেশি। ২০২৫ সালে এমএফএসের মাধ্যমে মোট লেনদেন হয়েছিল ২১ লাখ ৮৩ হাজার ১০০ কোটি টাকা।
সারা দেশে ব্যাংকগুলোর মোট শাখা রয়েছে ১১ হাজার ৪১৮টি। আনুষ্ঠানিক আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমেও আর্থিক সেবার আওতা বাড়ছে।