চলমান সংকট ব্যাংক খাতে নানা চ্যালেঞ্জ তৈরি করবে

দুই যুগে পা রেখেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। দীর্ঘ এ যাত্রায় ব্যাংকটির নানা সাফল্য ও ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ ওয়াসেক মো. আলী

প্রশ্ন :

প্রথম আলো: গত ২৩ বছরে দেশের এতগুলো ইসলামি ব্যাংকের মধ্যে আপনাদের আলাদা অর্জন কী? যে লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিল ব্যাংকটি, তার কতটা পূরণ করতে পেরেছে?

সৈয়দ ওয়াসেক মো. আলী: ১৯৯৯ সালে প্রচলিত ধারার ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। এরপর দেশে ধর্মীয় ভাবধারার বৃহৎ জনগোষ্ঠীর চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে ব্যাংকটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। আমাদের ২০ লাখের বেশি গ্রাহক রয়েছেন। ২৩ বছরে আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টিই আমাদের প্রধান অর্জন। 

প্রশ্ন :

প্রথম আলো: করোনার দুই বছর ও দেশের চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যাংক ব্যবসা কেমন চলছে? কীভাবে বিনিয়োগ ও আমানত বাড়ানোর উদ্যোগ নিয়েছেন? 

সৈয়দ ওয়াসেক মো. আলী: করোনা ও করোনা–পরবর্তী তার প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেলের বৈশ্বিক মূল্যবৃদ্ধি, ডলার–সংকট, দ্রব্যমূল্য বাড়ার বিরূপ প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশেও নেতিবাচক প্রভাব ফেলেছে। চলতি বছর গ্রাহকদের জন্য আমরা নতুন কয়েকটি আমানত পণ্য বাজারে এনেছি। এর অন্যতম চাকরিজীবীদের অবসর সময়ের সুরক্ষার জন্য চালু করা ‘সঞ্চয়ে সুখ’, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মাসিক সঞ্চয় ‘মার্চেন্ট’ উল্লেখযোগ্য। এ ছাড়া ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ‘ফার্স্ট ক্যাশ’ নামে নতুন মোবাইলে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নিয়েছি।

প্রশ্ন :

প্রথম আলো: ইসলামি ধারার ব্যাংকিং পরিচালনা করতে গিয়ে বর্তমানে কী কী চ্যালেঞ্জ রয়েছে?

সৈয়দ ওয়াসেক মো. আলী: বেশির ভাগ মানুষ এখনো মনে করেন, প্রচলিত ধারার ব্যাংকিং ও ইসলামি ব্যাংকিং একই ধরনের। শুধু নামেই আলাদা। কিন্তু এ ধারণা ঠিক নয়। এ ধারণা দূর করা একটি বড় চ্যালেঞ্জ। শরিয়াহভিত্তিক ব্যাংকিং সম্পর্কে দক্ষ কর্মিবাহিনী বা মানবসম্পদ তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। ইসলামি ব্যাংকিংয়ের ক্ষেত্রে আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে। মূলধারার ব্যাংকের মূল্য উদ্দেশ্য মুনাফা করা। কিন্তু ইসলামি ব্যাংকগুলোতে মুনাফার বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। 

প্রশ্ন :

প্রথম আলো: দেশে এখন মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। ব্যাংকে টাকা রেখে মানুষ এখন যা রিটার্ন পাচ্ছেন, তা দিয়ে মূল্যস্ফীতির চাপ মিটছে না। এ ক্ষেত্রে করণীয় কী?

সৈয়দ ওয়াসেক মো. আলী: দেশে মূল্যস্ফীতির হার বৃদ্ধির নানা কারণ রয়েছে, যেমন আমদানিনির্ভর ভোগ্যপণ্যের বাজার। অন্যদিকে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া আমানত ও বিনিয়োগের সুদহারের নির্দেশনা মেনে সুদ বা মুনাফা দিতে হচ্ছে। দেশে এখন আমদানির জন্য যে পরিমাণ ডলার খরচ হচ্ছে, রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে তা মিটানো যাচ্ছে না। এ সংকট উত্তরণে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি।

প্রশ্ন :

প্রথম আলো: বিশ্ব ও দেশে বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলছে, তাতে ভবিষ্যতে ব্যাংক খাতের জন্য প্রধান চ্যালেঞ্জ কী মনে করেন?

সৈয়দ ওয়াসেক মো. আলী: বিশ্বে ও দেশে বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলছে, তাতে ভবিষ্যতে ব্যাংক খাতের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি হবে। যেমন আমানতের পরিমাণ ও পর্যাপ্ত তারল্য ধরে রাখা, বিতরণকৃত বিনিয়োগের কিস্তি যথাসময়ে আদায়, গ্রাহকদের খেলাপি হওয়ার ঝুঁকি, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে মন্দাভাব, নতুন বিনিয়োগের ঝুঁকিসহ নানা চ্যালেঞ্জ তৈরি হবে।