বাংলাদেশে অফিস খুলবে ডয়চে ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক
প্রতীকী ছবি

জার্মানির ডয়চে ব্যাংক শিগগিরই বাংলাদেশে প্রতিনিধি অফিস খুলবে। প্রতিনিধি অফিসটি বহুজাতিক করপোরেট গ্রাহকদের, বিশেষ করে বাংলাদেশের রপ্তানিকারকদের সহায়তা করার বিষয়ে জোর দেবে।

বাংলাদেশে ব্যাংকটির নেতৃত্ব দেবেন সৈয়দ নওশাদ জামান। এর আগে তিনি বাংলাদেশে কমার্জ ব্যাংকের প্রতিনিধি অফিসের উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।

এ প্রসঙ্গে ডয়চে ব্যাংকের এশিয়া-প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেকজান্ডার ফন জুর মুহেলেন বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এই অঞ্চলে ১৫তম বাজারে কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

এই অঞ্চলে আমরা যে ইতিবাচক সুযোগ দেখতে পাচ্ছি, তার একটি বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ। দেশটির দ্রুত এগিয়ে চলা অর্থনীতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যে ক্রমবর্ধমান অংশগ্রহণের ক্ষেত্রে সহায়তা করতে আমরা এই বাজারে প্রবেশ করছি।’

ডয়চে ব্যাংকের গ্লোবাল কো-হেড অতুল জৈন বলেন, ‘আমাদের বহুজাতিক ও জার্মানির করপোরেট গ্রাহক উভয়ের জন্যই বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার।

প্রতিনিধি অফিসটি বাংলাদেশের বিকাশমান বাজারে আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক চাহিদা পূরণে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে।’

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।