এসসিবির সিইও পদ ছাড়লেন নাসের এজাজ বিজয়

নাসের এজাজ বিজয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন নাসের এজাজ বিজয়। ইতিমধ্যে ব্যাংকটি পরবর্তী ভারপ্রাপ্ত সিইও হিসেবে মো. এনামুল হকের নাম ঘোষণা করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, এসসিবির সিইও হিসেবে প্রায় ৯ বছর দায়িত্ব পালনের পর নাসের এজাজ বিজয় এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন (নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন সাপেক্ষে)। তবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে তাঁর ৩৩ বছরের বেশি সময়ের কর্মজীবন অব্যাহত থাকবে। নাসের এজাজ ব্যক্তিগত কারণে অন্য কিছু বিষয়ে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যথাসময়ে তাঁর পরবর্তী পদের ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি এই অবস্থানে থাকবেন। তিনি তাঁর সিইওর দায়িত্ব মো. এনামুল হকের কাছে হস্তান্তর করবেন, যিনি বর্তমানে কান্ট্রি চিফ রিস্ক অফিসার এবং সিনিয়র ক্রেডিট অফিসার বাংলাদেশ হিসেবে কর্মরত আছেন এবং অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যাংকটির গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন।

পেশাজীবী হিসেবে নাসের এজাজ স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে ৩৩ বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন। এই দীর্ঘ সময়ে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে করপোরেট ব্যাংকিং, রিস্ক এবং অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জানতে চাইলে নাসের এজাজ বিজয় প্রথম আলোকে বলেন, ‘আগামী নভেম্বরে আমার সিইও চলমান মেয়াদ শেষ হবে। এ সময়ে ব্যক্তিগত কারণে আমি পদটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে এসসিবির সঙ্গে আমার সম্পর্ক অব্যাহত থাকবে।’