খেলাপি ঋণ আদায় কার্যক্রম দ্রুততর করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো—বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), সিটিজেনস অল্টারনেটিভ ডিসপুট রেজোল্যুশন হাউস, হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড ও মার্স ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালট্যান্সি লিমিটেড।
তালিকাভুক্তি ও কার্যক্রমের নিয়মাবলি
গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালার আওতায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। নীতিমালার অধীনে গত ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ২৩টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, এই তালিকাভুক্তির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে নবায়নের আবেদন করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিয়ম অনুসারে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। শর্ত বা নির্দেশনা পালনে ব্যর্থ হলে কিংবা যুক্তিসংগত কারণে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় কোনো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে। এ ছাড়া মধ্যস্থতা কার্যক্রম আরও বিস্তৃত করতে শিগগিরই দ্বিতীয় পর্যায়ে আরও যোগ্য প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
মধ্যস্থতাকারীর ভূমিকা
বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো ঋণগ্রহীতা ও ঋণদাতার (ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি) মধ্যে সমঝোতার মাধ্যম হিসেবে কাজ করবে। বিবদমান দুই পক্ষ এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে এই মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে। ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্ত অনুযায়ী, খেলাপি ঋণের বিপরীতে মামলা করার আগেই এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়েরকৃত মামলার ক্ষেত্রেও মধ্যস্থতাকারীরা আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করবেন। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ও ভবিষ্যৎ এডিআর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
খেলাপি ঋণ কত
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়, যা ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।