তিন মাসে রেকর্ড ১ লাখ ১১ হাজার কোটি টাকা লেনদেন করেছেন নগদের গ্রাহকেরা

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা বা এমএফএস প্রতিষ্ঠান নগদ তাদের লেনদেনে নতুন রেকর্ড করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটি প্রায় ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকার বেশি লেনদেন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। এক প্রান্তিকে লেনদেনে এটি নগদের নতুন রেকর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, এ রেকর্ডের পাশাপাশি নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রাহকের সম্পৃক্ততা ও লেনদেনের সংখ্যায়ও নতুন রেকর্ড গড়েছে। এ তিন মাসের মধ্যে নগদ গত জানুয়ারি মাসে ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে। মার্চে এ লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকা। তবে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কারণে বেশ কিছুদিন নগদসহ অন্যান্য মুঠোফোন আর্থিক সেবা প্রদানকারী অপারেটরগুলোর লেনদেনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ফলে ওই মাসে লেনদেনের পরিমাণ ছিল ২৯ হাজার ৫৮৫ কোটি টাকা।

নগদ জানিয়েছে, এর আগে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লেনদেনের পরিমাণ ছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা। যদিও পরের প্রান্তিকে তা কমে হয়েছিল ৯১ হাজার ৩৩৩ কোটি টাকা। তবে তৃতীয় প্রান্তিকে লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছিল ৯২ হাজার ১২৫ কোটি টাকা। আর ২০২৫ সালের শেষ প্রান্তিকে নগদ প্রথমবারের মতো এক প্রান্তিকে ১ লাখ কোটি টাকা লেনদেনের মাইলফলক অর্জন করে। সে প্রান্তিকে নগদের লেনদেন হয়েছিল ১ লাখ ২ হাজার ৩৮১ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদের ওপর সাধারণ গ্রাহকদের আস্থাবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে স্থিতিশীল ও ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখে এগিয়ে চলেছে। এ প্রবৃদ্ধি কোম্পানির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ধারাকে প্রতিফলিত করছে।

লেনদেনের এ নতুন রেকর্ডসহ চলতি বছরের প্রথম প্রান্তিকে আরও কিছু মাইলফলক অর্জন করেছে নগদ। সর্বশেষ এই প্রান্তিকে নগদে যেকোনো সময়ের তুলনায় বেশি ব্যাংক অ্যাড মানি, পেমেন্ট ও প্রবাসী আয় এসেছে। এর বাইরে এ সময়ে নগদের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের এমন প্রবৃদ্ধি ও লেনদেন ইতিবাচক। এ ছাড়া লেনদেনে খরচ কম হওয়ায় দেশের নিম্নমধ্যবিত্ত ও গরিব মানুষের কাছে নগদ জনপ্রিয়। নগদে এক হাজার টাকায় ক্যাশ আউট চার্জ সাড়ে ছয় টাকা, যা দেশের বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে সবচেয়ে কম।

মো. মোতাছিম বিল্লাহ আরও বলেন, নগদে সেন্ড মানি সেবা ফ্রি। পাশাপাশি প্রবাসী আয় গ্রহণে খরচ কম হওয়ায় নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এর ফলে প্রতি মাসে বা প্রতি প্রান্তিকে নগদ নিজের করা রেকর্ডগুলো ভাঙতে পারছে। এ ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি লেনদেন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’