আগামীকাল বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, যা যা থাকছে নতুন নোটে
১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে আগামীকাল মঙ্গলবার। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের নতুন এই নোট প্রথমবারের মতো বাজারে দেওয়া হবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে একই সিরিজের ১ হাজার, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে সব মূল্যমানের নতুন নোট বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এই নোট সরবরাহ করা হবে।
নতুন নোটে কী কী থাকছে
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১০ টাকার নতুন নোটটির আকার ১২৩ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে বাঁ পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি এবং পেছন ভাগে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।
নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, উজ্জ্বল ইলেকট্রো টাইপে ‘১০’ লেখা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যাতে ‘১০ টাকা’ লেখা রয়েছে। আলোতে ধরলে এটি দৃশ্যমান হবে এবং নাড়াচাড়া করলে রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে। এ ছাড়া নোটে ‘সি-থ্রো ইমেজ’, মাইক্রো প্রিন্টে বাংলাদেশ ব্যাংক লেখা এবং অন্যান্য আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।