কারা হতে পারবেন ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিব—যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আরও তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যে তিনটি শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও এবং কোম্পানি সচিব।

বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে এই তিন পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ওই কর্মকর্তার ব্যক্তিগত সততা, আর্থিক অবস্থা বিবেচনায় নিতে হবে। ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পালনের ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।

উল্লেখিত তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ডের এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে। এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, এমডি, সিইও, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগেরও যোগ্যতা ও মানদণ্ড বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় এবার সিএফও, সিটিও এবং কোম্পানি সচিব নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হলো।

নির্দেশনায় বলা হয়েছে, ফৌজদারি অপরাধে আদালত থেকে দণ্ডিত, কোনো নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান বা আইন লঙ্ঘনের কারণে শাস্তি হওয়া, অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনজনিত কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত কোনো ব্যক্তি এসব পদে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

এ ছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে বা আদালত থেকে দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত কোনো ব্যক্তিও এসব পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। এমনকি এসব পদে নিয়োগ পাওয়া কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্কও থাকতে পারবে না।

সিএফওর যোগ্যতা

এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঋণ ও বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে অভিজ্ঞতার মেয়াদ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি সেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএফও নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই ১০ বছরের মধ্যে ৩ বছর অবশ্যই হিসাবায়ন ও কর সম্পর্কিত কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে। আর যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ ১ হাজার কোটি টাকার কম, সে ক্ষেত্রে সিএফও কাজের অভিজ্ঞতা লাগবে ৮ বছরের। যার মধ্যে ৩ বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কাজের অভিজ্ঞতা লাগবে।

এ পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যোকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনা (এমবিএম), ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী। তবে এ পদে নিয়োগের ক্ষেত্রে সিএ, সিএমএ, সিএফএর মতো পেশাগত ডিগ্রীধারীদের অগ্রাধিকার দিতে হবে।

সিটিওর যোগ্যতা

এই পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ পদে নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞান বিষয়ে পেশাগত ডিগ্রীধারীদের অগ্রাধিকার দিতে হবে।

কোম্পানি সচিবের যোগ্যতা

নির্দেশনা অনুযায়ী কোম্পানি সচিব পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সেক্রেটারিয়েট অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে ন্যূনতম ৪ বছর বা তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ বা আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রীসহ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব পদে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত যোগ্যতা মেনে চলতে হবে। তবে এসব পদে নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের দরকার হবে না।