ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ের লেনদেনে কিউআর কোড সেবা চালু

বাংলা কিউআরছবি: সংগৃহীত

ব্যাংক হিসাব ও মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) হিসাবধারীদের বিপরীতে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড চালু হয়েছে। এই কোড ব্যবহার করে একজন ব্যক্তি সরাসরি আরেক ব্যক্তির ব্যাংক বা এমএফএস হিসাবে টাকা পাঠাতে পারছেন। আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু হয়েছে। এতে ভুল হিসাবে টাকা যাওয়া ও জালিয়াতির ঝুঁকি কমবে। ডিজিটাল লেনদেনব্যবস্থা আরও সহজ ও সর্বজনীন করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এমন সেবা চালু করা হয়েছে।

কোথায় মিলছে নিজস্ব কোড

নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড মিলবে ব্যক্তির ব্যবহার করা ব্যাংক বা এমএফএস অ্যাপে। এ জন্য ব্যবহারকারীকে অ্যাপগুলোর হালনাগাদ ভার্সন ডাউনলোড করতে হবে। এরপর নিজস্ব কিউআর কোড অন্যদের পাঠিয়ে টাকা পাঠানোর জন্য ব্যবহারের পরামর্শ দেওয়া যাবে।

জানা যায়, এত দিন ‘বাংলা কিউআর’ দিয়ে দোকানে কেনাকাটা বা সেবার বিল পরিশোধের (মার্চেন্ট পেমেন্ট) সুযোগ ছিল। নতুন নিয়মে ব্যাংক বা এমএফএস হিসাবের বিপরীতে তৈরি ব্যক্তিগত বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) পর্যায়ে লেনদেন করা যাচ্ছে। এতে ব্যাংক বা এমএফএস হিসাব নম্বর ও নাম আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। কিউআর স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে হিসাবের বিবরণ চলে আসবে। এরপর পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছিল। এতে গ্রাহকের সুবিধার জন্য ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ মোবাইল অ্যাপে কিউআর প্রস্তুত, স্ক্যান ও গ্যালারি থেকে ছবি আপলোডের প্রয়োজনীয় ফিচার বা সুবিধা যুক্ত করতে বলা হয়। এরপরই তা যুক্ত করেছে ব্যাংক ও এমএফএসগুলো।

বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রাহকেরা তাঁদের নিজ নিজ ব্যাংক বা এমএফএস অ্যাপে একটি ‘পারসোনাল বাংলা কিউআর’ পাচ্ছেন। টাকা পাঠানোর সময় প্রেরককে দীর্ঘ ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা ১১ সংখ্যার মোবাইল নম্বর লিখতে হবে না। প্রাপক মোবাইলের স্ক্রিনে কিউআর দেখাবেন। প্রেরক নিজের অ্যাপ দিয়ে সেটি স্ক্যান করে অর্থ পাঠাতে পারবেন। দূরে থাকা প্রাপক কিউআরের ছবি তুলে বা স্ক্রিনশট পাঠালেও হবে। প্রেরক অ্যাপের গ্যালারি থেকে সেই ছবি আপলোড করে সরাসরি লেনদেন করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, কিউআর স্ক্যান বা ছবি আপলোড করার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে প্রাপকের নাম ও সংক্ষিপ্ত অ্যাকাউন্ট নম্বর দেখা যাবে। ফলে ভুল নম্বরে টাকা যাওয়ার সুযোগ থাকবে না। বাংলাদেশ ব্যাংক পরিচালিত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে লেনদেন নিষ্পন্ন হবে।

বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

এদিকে বাংলাদেশ ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন। এই সেবায় অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। বাংলা কিউআরের পিটুপি সেবা দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। এ উদ্যোগ দেশের পেমেন্ট–ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।