উদ্যোক্তা হতে ঋণ চান ৮ জেলার সাড়ে ১৮ হাজার তরুণ
উদ্যোক্তা হতে তহবিল সুবিধার জন্য দেশের ৮ জেলা থেকে সাড়ে ১৮ হাজার তরুণ বিভিন্ন ব্যাংকে আবেদন করেছেন। দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জামানতবিহীন অর্থায়ন সুবিধা দিতে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ (উদ্যোগ) নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এই প্রকল্পের আওতায় অর্থায়ন সুবিধা দিতে দেশের ৮টি বিভাগের ৮টি জেলায় পরীক্ষামূলকভাবে আবেদন গ্রহণ করা হয় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। জেলাগুলো হলো নেত্রকোনা, রংপুর, নওগাঁ, ঝিনাইদহ, হবিগঞ্জ, ভোলা, মানিকগঞ্জ ও ফেনী। এসব জেলার মধ্যে নেত্রকোনা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে রংপুরে, ২ হাজার ৭৪৫টি। এ ছাড়া নওগাঁর ২ হাজার ৪৫৬ তরুণ, ঝিনাইদহের ২ হাজার ১৯১ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৫২ জন, ভোলার ১ হাজার ৫৪৫ জন, মানিকগঞ্জের ১ হাজার ৩৪৩ জন ও ফেনীর ১ হাজার ২৬১ জন তরুণ বাংলাদেশ ব্যাংক গঠিত তহবিল থেকে জামানতবিহীন ঋণ সুবিধার জন্য আবেদন করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, পরীক্ষামূলকভাবে চালু হওয়া ৮ জেলা থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এবার দেশজুড়ে আগ্রহী তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন সংগ্রহের পরিকল্পনা করছে। এর আওতায় ৮ জেলার বাইরে অন্যান্য জেলার তরুণেরা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের মোট ৫০৩টি উপজেলার ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করা হবে কেন্দ্রীয় ব্যাংক গঠিত তহবিল থেকে। এ তহবিলের অর্থায়ন সুবিধা পেতে আগ্রহী তরুণেরা নিজ নিজ উপজেলার যেকোনো ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন। ৫০০ কোটি টাকার এই তহবিলে বাংলাদেশ ব্যাংক দেবে ২৫০ কোটি টাকা। আর সহযোগী বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক দেবে ২৫০ কোটি টাকা। তহবিলের আওতায় একেকজন উদ্যোক্তা পাবেন ১০ থেকে ২০ লাখ টাকা। এর মধ্যে একটি অংশ দেওয়া হবে অনুদান হিসেবে আর বাকি অংশ ৪ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তহবিল থেকে অর্থায়ন সুবিধা পেতে আবেদনকারীকে দেশের প্রচলিত আইনে কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর। এর আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন—এমন কোনো তরুণ তহবিল থেকে অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপি ব্যক্তি বা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা তহবিল সুবিধা পাবেন না। কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের তরুণেরা এ সুবিধার আওতায় আসবেন। এ ছাড়া ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক, হেলথটেকসহ প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ও যেকোনো আয় উপযোগী বৈধ উদ্যোগেও অর্থায়ন করা হবে তহবিল থেকে।