বাজারে এসেছে ৫ টাকার নতুন নোট, আছে গ্রাফিতি-২০২৪–এর ছবি
বাজারে এসেছে পাঁচ টাকার নতুন নোট। নোটের সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে গ্রাফিতি-২০২৪–এর ছবি মুদ্রিত আছে।
আজ মঙ্গলবার অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অর্থ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। আজ থেকে বাজারে ছাড়া হয়েছে। নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
বৈশিষ্ট্য কী কী
অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত পাঁচ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিমি x ৬০ মিমি। নোটের সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে গ্রাফিতি-২০২৪–এর ছবি মুদ্রিত আছে।
নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’–এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের বাঁ দিকে বিদ্যমান ২ মিমি চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতর প্রবিষ্ট, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায়। এ ছাড়া নোটের সম্মুখভাগের নিচের ব্লিউইশ প্যাটার্নের ওপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ মুদ্রিত রয়েছে।
অন্য নোট ও ধাতব মুদ্রাও চলবে
অর্থ বিভাগের সংবাদ বিজপ্তিতে বলা হয়, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।