জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, দুজন বেসরকারি ব্যাংক থেকে

নূর মুহাম্মদ, মাহবুব আলম, নুরুল হুদা

রাষ্ট্রমালিকানাধীন জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন দিয়েছে সরকার। তিনজনের মধ্যে দুজনই বেসরকারি খাতের ব্যাংকার; আর সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ যে বাতিল করা হয়েছিল ১৯ অক্টোবর, তা আজ প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন ব্যাংকের পর্ষদে আলাদা চিঠি দিয়ে এ মনোনয়নের কথা জানিয়েছে; আর সোনালী ব্যাংকের এমডির মেয়াদ বাতিলের নির্দেশনা প্রত্যাহারের কথা ওই ব্যাংকের পর্ষদকে জানানো হয়।

আরও পড়ুন

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম জনতা ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন পান।

সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ যে বাতিল করা হয়েছিল, তা প্রত্যাহার হওয়ায় তিনি আরও এক বছর এ ব্যাংকের এমডি থাকবেন। বাকি তিনজনের প্রত্যেককে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে ব্যাংকগুলোর পর্ষদকে বলা হয়েছে।

বিডিবিএল ও রূপালী ব্যাংকের এমডি পদে কারও নাম আজ পর্যন্ত মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।