রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পর্ষদে ইচ্ছেমতো নিয়োগের সুযোগ কমল

নানা আর্থিক কেলেঙ্কারির পর রাষ্ট্র খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগে নীতিমালা জারি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক

দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য পরিচালনা পর্ষদের মাধ্যমে নানা কেলেঙ্কারির জন্ম দিয়ে অবশেষে রাষ্ট্র খাতের ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগে একটি নীতিমালা জারি করল সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলছে, ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে উপযুক্ত ও প্রমাণিত দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দিতেই এ নীতিমালা।

নীতিমালাটিতে রাষ্ট্র খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকদের যোগ্যতা কী হবে, কাদের নিয়োগ দেওয়া যাবে, তা ঠিক করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মাধ্যমে ব্যাংকের পর্ষদে ইচ্ছেমতো নিয়োগের সুযোগ কমল। রাজনৈতিক দল ও দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আগে যেভাবে নিয়োগ দেওয়া হতো, সেই সুযোগও সীমিত হলো।

নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয় গত বৃহস্পতিবার। রাষ্ট্র খাতের বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের মালিকানা (শেয়ার) রয়েছে, এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের ক্ষেত্রে নীতিমালাটি প্রযোজ্য হবে। এমন প্রতিষ্ঠান রয়েছে ১৬টি।

নীতিমালা করা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে বাস্তবায়ন কতটুকু হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর পর্ষদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির মধ্যম সারির নেতাদেরও নিয়োগ দিয়ে ২০০৯ সাল থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করে আসছিল সরকার। জাতীয় পার্টির সাবেক নেতা শেখ আবদুল হাই, আওয়ামী লীগ নেতা জান্নাত আরা, নাগিবুল ইসলাম, সাইমুম সরওয়ার ও মাহবুবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা খোন্দকার জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, সুভাষ সিংহ রায়, শাহজাদা মহিউদ্দিন, জাকির আহমেদ, আবদুস সবুর প্রমুখকে ২০০৯ সালে একবার এবং কাউকে কাউকে ২০১২ সালে দ্বিতীয়বার বিভিন্ন ব্যাংকের পর্ষদে নিয়োগ দেওয়া হয়।

সোনালী ব্যাংকের হল-মার্ক, জনতা ব্যাংকের বিসমিল্লাহ ও অ্যাননটেক্স, অগ্রণী ব্যাংকের মুন গ্রুপ, রূপালী ব্যাংকের গোল্ড আনোয়ার এবং পুরো বেসিক ব্যাংক কেলেঙ্কারির পেছনে অন্যতম দায়ী হিসেবে গণ্য করা হয় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া পর্ষদকে। কারণ, পর্ষদ সদস্যদের অর্থনীতি, ব্যাংকিং, মুদ্রানীতি ও আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে জ্ঞানের বালাই ছিল না। পাশাপাশি অনেকে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন।

৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চাওয়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) যে প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে, তারা রাষ্ট্র খাতের ব্যাংকে কীভাবে পরিচালক নিয়োগ দেওয়া হয়, কোনো নীতিমালা আছে কি না, তা জানতে চেয়েছিল। পাশাপাশি পর্ষদে কর্মরত আমলাদের প্রাধান্য কমানোর পরামর্শও দিয়েছিল তারা। 

পর্ষদে কারা থাকতে পারবেন

নীতিমালায় বলা হয়েছে, পরিচালনা পর্ষদে অর্থনীতি, ব্যাংকিং, আর্থিক বাজার, মুদ্রানীতি ও আর্থিক ব্যবস্থাপনা, বাণিজ্য ও ব্যবসায় শিক্ষা, কৃষি বা শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞানসম্পন্ন এবং সরকারের বিবেচনায় অভিজ্ঞ ও প্রমাণিত দক্ষতাসম্পন্ন পেশাজীবীরা নিয়োগ পাবেন। অবশ্য ‘সরকারের বিবেচনা’ বিষয়টি অস্পষ্ট বলে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এ ফাঁকে অনভিজ্ঞ ও প্রমাণিত অদক্ষতাসম্পন্ন পেশাজীবীদেরও ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ও নিরীক্ষা বোঝার জন্য সনদপ্রাপ্ত হিসাবরক্ষক (সিএ) ও আইনি বিষয় বোঝার জন্য একজন সাবেক জেলা জজ অথবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং একজন ব্যাংকার নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে নীতিমালায়। পর্ষদে এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সরকারের কোনো সচিব বা তার সমমর্যাদার কোনো কর্মচারী ব্যাংকের পরিচালক হতে পারবেন না। প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ পাবেন। সে ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।

চেয়ারম্যান ও পরিচালক নিয়োগে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠনের কথা বলা হয়েছে নীতিমালায়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ কমিটি গঠন করা হবে। নিয়োগ কমিটির প্রধান থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। আর সদস্যসচিব থাকবেন একই বিভাগের একজন উপসচিব। কমিটিতে আরও থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত বা যুগ্ম সচিব, অর্থ বিভাগের একজন যুগ্ম সচিব ও বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক।

বাছাই কমিটির তৈরি করা একটি নির্দিষ্ট ফরমে চেয়ারম্যান ও পরিচালকদের ব্যক্তিগত তথ্য, ঘোষণাপত্র, গোপনীয়তা রক্ষার ঘোষণাপত্র দাখিল করতে হবে। আর স্বতন্ত্র পরিচালকের ক্ষেত্রে স্বার্থ-সংশ্লিষ্টতার বিষয়ে ঘোষণাপত্র ও বিএসইসির অনাপত্তিপত্র লাগবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, তাঁদের নিয়োগের বিষয়ে অনাপত্তিপত্র নিতে হবে বাংলাদেশ ব্যাংক থেকেও।

চেয়ারম্যান ও পরিচালকদের প্রথমে তিন বছর মেয়াদে নিয়োগ এবং টানা তিন মেয়াদে থাকার সুযোগের কথা বলা হয়েছে। সূত্রগুলো জানায়, অবসরের পর আমলাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে দীর্ঘ সময় থাকার সুযোগ রাখতেই বিষয়টি যুক্ত করা হয়েছে।

ব্যাখ্যা জানতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে ফোনে না পেয়ে খুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি তিনি।

ঋণ ও করখেলাপিরা পরিচালক হবেন না

ঋণ ও করখেলাপিরা রাষ্ট্র খাতের ব্যাংকের পর্ষদে নিয়োগ পাবেন না। ১০ বছরের প্রশাসনিক বা ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতা না থাকলেও কেউ ব্যাংকের পর্ষদ সদস্য হতে পারবেন না। ফৌজদারি অপরাধ বা জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন, এমন কেউ পর্ষদ সদস্য হতে পারবেন না। দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য থাকলে এবং আর্থিক খাত-সংশ্লিষ্ট কোনো সংস্থার বিধিমালা, প্রবিধান বা নিয়মাচার লঙ্ঘন করে দণ্ডিত হলেও পর্ষদ সদস্য হতে পারবেন না।

একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হলে একই সময়ে কেউ অন্য কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা উপদেষ্টা আছেন অথবা আগের পাঁচ বছরের মধ্যে ছিলেন, এমন কেউ চেয়ারম্যান হতে পারবেন না। চেয়ারম্যানদের নিয়োগ বা পুনর্নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর এবং পরিচালকদের নিয়োগ বা পুনর্নিয়োগ দিতে অর্থমন্ত্রীর অনুমোদন লাগবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, নীতিমালা করা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে বাস্তবায়ন কতটুকু হবে, তা নিয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক পরিচয় পরিপূর্ণভাবে বাদ দিতে হবে। পর্ষদে এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখাটা একটু বেশি হয়ে গেছে। একজন উদ্যোক্তা হলেই কোনো নারী ব্যাংকের পর্ষদে ভালো ভূমিকা রাখতে পারবেন, এমন কোনো কথা নেই।

টানা তিন মেয়াদ পর্ষদে থাকার সুযোগের কারণে কায়েমি স্বার্থ দানা বাঁধতে পারে বলে উল্লেখ করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বেসরকারি ব্যাংকে টানা তিন মেয়াদ পর্ষদে থাকার বিধানই যেখানে সঠিক কাজ হয়নি, সেখানে নতুন করে রাষ্ট্র খাতের ব্যাংকের পর্ষদের জন্য একই কাজ করা হলো। এটা বড়জোর ছয় বছর হতে পারে।