কাঁচা মরিচের দামের ঝাল কিছুটা কমেছে
নিত্যপণ্যের বাজারে বড় কোনো সুসংবাদ না থাকলেও রাজধানীর বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। এক দিনের ব্যবধানে খুচরা ও পাইকারিতে কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ থেকে ৭০ টাকা পর্যন্ত কমেছে। গত মাসের শুরুতে কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরি হাঁকায়।
এ অবস্থায় চলতি মাসের শুরুতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিল সরকার। আবার আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকায় দেশেও উৎপাদন ভালো হয়েছে। এতে কাঁচা মরিচের দাম নাগালের মধ্যে চলে এসেছে।
গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে জানা যায়, পাইকারিতে কাঁচা মরিচ বিক্রি হয় প্রতি কেজি ৫০ টাকায়। অনেক ব্যবসায়ী বিকেলের দিকে ৪০ টাকা কেজিতেও কাঁচা মরিচ বিক্রি করেছেন। আর খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকায়। অবশ্য ভ্যানে করে যাঁরা সবজি বিক্রি করছেন, তাঁরা ২৫০ গ্রাম মরিচের দাম রাখছেন ২৫ টাকা। তাতে এক কেজি কাঁচা মরিচের দাম পড়ছে ১০০ টাকা।
রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাঁচামালের দামে এমনই হয়। যখন বাড়ে, হুট করে বাড়ে। আবার যখন কমে আসে, তখন অন্য সব পণ্যের চেয়ে দ্রুত পড়ে যায়।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার খুচরা বাজারে কেজিতে কাঁচা মরিচ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। হঠাৎ রাজধানীর বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় এক দিনের ব্যবধানে খুচরা ও পাইকারিতে কাঁচা মরিচের দামে বড় ধরনেরপতন হয়েছে।
নিউমার্কেট কাঁচাবাজারে সবজি কিনতে আসা নীলক্ষেত এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘কাঁচা মরিচের দাম হঠাৎ বেশ বেড়ে গিয়েছিল। এরপর এক সপ্তাহ ধরে মোটামুটি কমেছে। আধা কেজি কাঁচা মরিচ কিনেছি ৪০ টাকায়।’
আমাদের দিনাজপুর প্রতিনিধি হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনেছেন, সেখানে গতকাল পাইকারিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। এক সপ্তাহ আগেও পাইকারিতে এই দাম ছিল কেজিতে ১০০ থেকে ১২০ টাকা।
হিলির স্থানীয় ব্যবসায়ী বিপ্লব হোসেন প্রথম আলোকে বলেন, এ মাসের শুরুতে সরকার আমদানি অনুমতি দেওয়ায় কাঁচা মরিচের দাম কমতে শুরু করে। এখন দেশি মরিচ বাজারে আসতে শুরু করেছে। এতে আমদানি হচ্ছে কম। তবে দেশি কাঁচা মরিচের সরবরাহ ভালো থাকায় দাম একেবারে নাগালের মধ্যে।
দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার বাজারে কাঁচা মরিচ আসে। এর মধ্যে বগুড়া, নাটোর, দিনাজপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রংপুর, রাজশাহীসহ কয়েকটি জেলার কাঁচা মরিচ বেশ প্রসিদ্ধ। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া ভালো থাকায় এসব এলাকায় এবার কাঁচা মরিচের উৎপাদন ভালো হয়েছে। এসব মরিচ বাজারে আসতে শুরু করায় দামও কমছে।